এমবাপ্পের হাতে ইউরোপের সোনার জুতা

আপডেট : ২৬ মে ২০২৫, ১২:০৫ পিএম

২০২৪–২৫ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ ঘরোয়া লিগের পর্দা নামার সঙ্গে সঙ্গেই শেষ হয়েছে ব্যক্তিগত পারফরম্যান্সের লড়াইও। আর এই লড়াইয়ের মুকুট উঠেছে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের মাথায়। ইউরোপজুড়ে সর্বোচ্চ গোলদাতাদের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয় 'ইউরোপিয়ান গোল্ডেন শু' বা সোনার জুতা। এবার সেটির গর্বিত অধিকারী এমবাপ্পে।

লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক মৌসুমেই নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন এমবাপ্পে। করেছেন ৩১ গোল। উয়েফা কো–এফিসিয়েন্ট র‍্যাঙ্কিং অনুযায়ী, শীর্ষ পাঁচ লিগের প্রতিটি গোলের জন্য ২ পয়েন্ট করে দেওয়া হয়। সেই হিসাবে এমবাপ্পের মোট পয়েন্ট দাঁড়ায় ৬২।

শেষ ম্যাচে রিয়ালের হয়ে জোড়া গোল করে নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান তিনি। যদিও লড়াই জমিয়ে তুলেছিলেন লিভারপুলের মোহাম্মদ সালাহ ও স্পোর্তিং সিপির ভিক্টর ইয়োকেরেস। কিন্তু শেষতক তাঁদের পক্ষে ফরাসি তারকাকে ছুঁয়ে ফেলা সম্ভব হয়নি।

ইউরোপের সেরা গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ইয়োকেরেস। পর্তুগিজ লিগে সুইডিশ এই স্ট্রাইকার করেছেন ৩৯ গোল। তবে ইউরোপে সপ্তম অবস্থানে থাকা পর্তুগিজ লিগে প্রতি গোলের পয়েন্ট ১.৫ করে হওয়ায় তাঁর মোট পয়েন্ট দাঁড়ায় ৫৮.৫—এমবাপ্পের চেয়ে সাড়ে তিন পয়েন্ট কম।

তৃতীয় হয়েছেন সালাহ। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগে ২৯ গোল করে পেয়েছেন ৫৮ পয়েন্ট। শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে একটি গোল করলেও সেটি যথেষ্ট ছিল না এমবাপ্পেকে টপকে যাওয়ার জন্য। এমনকি হ্যাটট্রিক করলেও এমবাপ্পের সমান পয়েন্টে পৌঁছাতে পারতেন, কিন্তু কম সময় খেলার নিয়মে জয়ী হতেন এমবাপ্পেই—৩৩৭৭ মিনিটের বিপরীতে ফরাসি ফরোয়ার্ড খেলেছেন ২৯১২ মিনিট।

তিন দশকের বেশি সময় পর রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার হিসেবে ইউরোপিয়ান গোল্ডেন শু জিতলেন এমবাপ্পে। তাঁর আগে রিয়ালের হয়ে এ পুরস্কার ঘরে তুলেছিলেন হুগো সানচেজ ও ক্রিশ্চিয়ানো রোনালদো।

গোলের নান্দনিকতায় পূর্ণ এই মৌসুমে এমবাপ্পের অর্জন শুধু রিয়ালের নয়, ইউরোপীয় ফুটবল ইতিহাসেও নতুন এক অধ্যায়ের সূচনা করল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত