বার্মিংহামে ডিনার, আবধাবিতে লাঞ্চ সেরে রাতে লাহোরে হাতে তুললেন পিএসএল শিরোপা

আপডেট : ২৬ মে ২০২৫, ০১:০৭ পিএম

একদিন আগেও জাতীয় দলের হয়ে খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে। সেদিন বার্মিংহামে রাতের খাবার খেয়ে ঘুমোতে গেছেন। সকালে ওঠার পর দুবাইয়ে নাশতা, দুপুরে আবুধাবিতে মধ্যাহ্নভোজ, এরপর উড়াল পাকিস্তানে। ফাইনালের ঠিক ১০ মিনিট আগে মাঠে নামলেন, ব্যাট-বলে দলকে এনে দিলেন শিরোপা।

এ যেন চলচ্চিত্রের গল্প। কিন্তু সেটিই বাস্তব হয়ে ধরা দিল সিকান্দার রাজার জীবনে।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে দেশের হয়ে হাফসেঞ্চুরি করা এই অলরাউন্ডার পরদিনই খেললেন পাকিস্তান সুপার লিগের ফাইনাল। ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য দরকার ১৩ রান, সেখানে রাজার ব্যাট থেকে এল ছক্কা ও চার। ৭ বলে অপরাজিত ২২ রান, দুইটি করে চার ও ছয়ে দলকে এনে দিলেন রোমাঞ্চকর জয়। বল হাতে নিয়েছেন একটি উইকেটও।

এমন নাটকীয় দিন শেষে রাজার মুখে কৃতজ্ঞতা ঝরল, 'বার্মিংহামে রাতের খাবার খেয়েছি, দুবাইয়ে নাশতা করেছি, আবুধাবিতে দুপুরের খাবার, এরপর পাকিস্তানে এসে রাতের খাবার খেলাম।' রাজা আরও বলেন, 'মনে হয় এটাই একজন পেশাদার ক্রিকেটারের জীবন। আমি সত্যিই কৃতজ্ঞ ও ধন্য এই জীবন পাওয়ার জন্য।'

রাজা বলেন, ‘গতকাল আমার টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর সামিন রানা আমাকে ফোন করেন, এরপর শাহীন আফ্রিদিও ফোন দেয়। তারা জিজ্ঞেস করল, আমি লাহোরে আসতে পারব কি না। নটিংহ্যাম থেকে সরাসরি কোনো ফ্লাইট ছিল না। তাই আমি প্রথমে গাড়ি চালিয়ে বার্মিংহামে যাই। সেখান থেকে ফ্লাইটে দুবাই যাই। পরে গাড়ি চালিয়ে আবুধাবি যাই এবং সেখান থেকে সরাসরি ফ্লাইটে লাহোরে পৌঁছাই-টস শুরর ১০ মিনিট আগে।’

দেশের জার্সিতে একদিন, পরদিন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে শিরোপা—সিকান্দার রাজার এই অধ্যায় নিঃসন্দেহে জায়গা করে নেবে ক্রিকেট ইতিহাসের স্মরণীয় দিনগুলোর তালিকায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত