দুর্নীতি শোষণের বড় হাতিয়ার: দুদক কমিশনার

আপডেট : ২৬ মে ২০২৫, ০৭:৩৬ পিএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেছেন, দুর্নীতি প্রতিরোধে আমাদের ব্যক্তি সচেতনতা জরুরি। আমরা দায় ও দায়িত্ব থেকে যোজন যোজন দূরে সরে যাচ্ছি। ঘুষ দেওয়া এবং নেওয়া দুটিই অপরাধ, এসব বিষয়ে সচেতন হতে হবে।

আজ সোমবার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের ১৭৮তম গণশুনানিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে আজ এ গণশুনানির আয়োজন করা হয়।

গণশুনানিতে বিশেষ অতিথির বক্তৃতায় কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ বলেন, আমাদের দুর্বলতা দুর্নীতি। দুর্নীতি শোষণের বড় হাতিয়ার। তিনি নিজের কাজ নিজে সঠিকভাবে করার এবং ঘুষ না দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ কুষ্টিয়া জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরেছেন। মোট ৬৪টি অভিযোগের শুনানি হয়। এগুলোর মধ্যে ৪টি অভিযোগ অনুসন্ধানে দেওয়া হয় এবং ২টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযানের সিদ্ধান্ত হয়। অন্য অভিযোগগুলো প্রতিবেদন দাখিল সাপেক্ষে নিষ্পত্তি করা হবে।

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ)  মো. আক্তার হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার উপ-পরিচালক মঈনুল হাসান রওশনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত