পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে আগামী ৩১ মে থেকে ১৮ জুন পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা ও অফিস ছুটি ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই সময়ে হল খোলা রাখার দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধন হয়।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপাচার্যের নিকট স্মারকলিপি দিতে যান। উপাচার্য না থাকায় তারা স্মারকলিপি নিয়ে কোষাধ্যক্ষের সাথে সাক্ষাৎ করেন ও সেখানে তাদের দাবি তুলে ধরেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রতি বছর ঈদে ইবির সকল হল দীর্ঘদিন বন্ধ থাকে যা শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলে। বহু ধর্মাবলম্বী শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। ছুটির সময় হল বন্ধ থাকলে তাদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। ছুটির পরপরই ৪৭তম বিসিএসসহ একাধিক সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনেক শিক্ষার্থী হলেই এসব পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। হল বন্ধ হলে তাদের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটবে এবং মানসিক চাপ সৃষ্টি হবে। ইদের পরপরই বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল, মধ্যবর্তী মূল্যায়ন ও প্রেজেন্টেশন থাকায় অনেক শিক্ষার্থী ক্যাম্পাসেই সেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাদের পড়াশোনায় কোনো বিঘ্ন না ঘটে সেজন্য হল খোলা রাখার দাবি জানাই।
এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, হল খোলা রাখার বিষয়ে আমরা পজিটিভ। ছুটিতে যারা হলে থাকতে চায় তাদের লিখিতভাবে স্ব স্ব হল প্রভোস্টের কাছে আবেদন দিতে বলেছি। উল্লেখযোগ্য পরিমাণ শিক্ষার্থী যদি থাকতে চায় তাহলে আমরা হল খোলা রাখবো।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, হলের প্রভোস্ট চাহিদা জানালে প্রভোস্ট কাউন্সিল আমাদের সাথে বসবে। হল খোলা রাখার বিষয়ে প্রভোস্ট কাউন্সিল পজিটিভ হলে আমরাও পজিটিভ।
