ঢাকাই সিনেমার পোস্টারবয় শাকিব খানের সঙ্গে আবার স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন মাসুমা রহমান নাবিলা। তবে এবার চলচ্চিত্রের পর্দায় নয়। দুজনকে দেখা যাবে একটি টেলিভিশন শোতে। যেখানে একজন অতিথি থাকবেন, আরেকজন থাকবেন উপস্থাপনার দায়িত্বে।
ঢাকাই সিনেমায় ২৬ বছরের ক্যারিয়ার পার করছেন শাকিব। আসন্ন ঈদে তার অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা মুক্তি পাচ্ছে। অপর দিকে ছোট পর্দার বুদ্ধিদীপ্ত উপস্থিতিতে মন জয় করে নেওয়া অভিনেত্রী নাবিলা। ‘আয়নাবাজি’ সিনেমার পর ‘তুফান’ ছবিতে ছিলেন। তুফানে প্রথমবার কাজ করেছিলেন শাকিব খানের বিপরীতে। ফলে দেশের শীর্ষ নায়কের সঙ্গে তার তৈরি হয়েছে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
তুফান ছবির সেটেই শাকিবের সঙ্গে প্রথম আলাপ নাবিলার। সেই অভিজ্ঞতা আজও রোমাঞ্চ ছড়ায়। নাবিলা বলেন, তার মধ্যে এক অন্যরকম আভিজাত্য দেখেছিলাম। বুঝেছিলাম তিনি শুধু তারকাই নন, একজন পরিপূর্ণ শিল্পী। অথচ তার আচরণে ছিল না কোনো অহংকার। খুব সাধারণ, সাদামাটা একজন মানুষ। তার সঙ্গে গল্প করা যায়, হাসা যায়, ভাব বিনিময় করা যায়, যেন আমাদেরই একজন।
অভিনেত্রী বলেন, আমার সঙ্গে প্রথম শুটিং ছিল সিনেমার শেষ দৃশ্যের। একটু নার্ভাস ছিলাম। কিন্তু তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। সহশিল্পী হিসেবে তিনি দারুণ সহযোগিতাপরায়ণ।
জানা গেছে, এবারের ঈদে বাংলাদেশ টেলিভিশনের এক বিশেষ আয়োজনে দেখা যাবে তাদের। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার পর একসঙ্গে তোলা একটি ছবি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করে নাবিলা লিখেছেন, এটা আমার সহকর্মীর সঙ্গে একটি ছবি। আজ ঈদের একটি শোতে আমার অতিথি হয়েছেন মেগাস্টার শাকিব খান।
