আইপিএলের এলিমিনেটর ম্যাচে গুজরাট টাইটান্সকে ২০ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকেট পেল মুম্বাই ইন্ডিয়ান্স। আগে ব্যাট করে রোহিত শর্মার ৫০ বলে ৮১ রানের ইনিংসে মুম্বাই তোলে ৫ উইকেটে ২২৮ রান। জবাবে সাই সুদর্শনের ৮০ রানের পরও গুজরাট তোলে ৬ উইকেটে ২০৮ রান।
দুই দল মিলে ম্যাচে মোট ৪৩৬ রান তোলে। এমন ম্যাচেও কিপটে বোলিং করেন মুম্বাইয়ে খেলা ভারতী পেসার জাসপ্রিত বুমরা। ৪ ওভারে বুমরা দিলেন ২৭ রান, নেন ১টি উইকেটও।
চন্ডিগড়ে মুম্বাইয়ের জয়ের ভিতটা গড়ে দিয়ে যান রোহিত ও জনি বেয়ারস্টো। ৭.২ ওভারে তাঁদের উদ্বোধনী জুটি যখন ভাঙে, তখন মুম্বাইয়ের স্কোরবোর্ডে ৮৪ রান। ২২ বলে ৪৭ রানের ইনিংস খেলে বেয়ারস্টো আউট হন। আর রোহিতের ৮১ রানের ইনিংসে ছিল ৯ চার ও ৪ ছক্কা। মুম্বাইয়ের রান দুইশো ছাড়িয়ে নিতে শেষদিকে ঝোড়ো ইনিংস খেলেন হার্দিক পাণ্ডিয়া। ৯ বলে ২২ রান করে অপরাজিত থাকেন মুম্বাই অধিনায়ক।
বড় রান তাড়ায় নেমে ভালোই পাল্লা দিচ্ছিল গুজরাট। কিন্তু তাঁদের জন্য বাধা হয়ে দাঁড়ান বুমরা। গুজরাটের ইনিংসের দ্বিতীয় ওভার করতে এসে ৪ আর পাওয়ার প্লের শেষ ওভারে ১১ রান দেন বুমরা। পরেরবার ফেরেন ১৪তম ওভারে। বুমরা ওই ওভারে ৪ রান দিয়ে তুলে নেন ওয়াশিংটন সুন্দরের উইকেট, ভাঙেন সুদর্শনের সঙ্গে তাঁর ৮৪ রানের জুটি। বুমরা তাঁর শেষ ওভার করতে ১৮তম ওভারে এসে দেন ৯ রান।
শেষ ওভারে গুজরাটের দরকার ছিল ২৪ রান। তবে ওই ওভারে ৩ রান দিয়ে একটি উইকেট তুলে নেন অশ্বিনী কুমার।
দ্বিতীয় কোয়ালিফায়ারে রবিবার পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে মুম্বাই।
ঝড়ো শুরুর পরও ১৪৪ রানে থামলো বাংলাদেশ, সিরিজ পাকিস্তানের
ক্লাব বিশ্বকাপের আগে রিয়ালে আলেকজান্ডার আর্নল্ড