রাজধানীর শান্তিনগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় তাসিকুল ইসলাম (৭৩) নামে এক প্রবীণ ব্যক্তি নিহত হয়েছেন। আজ রবিবার ভোর পৌনে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে তাকে মৃত ঘোষণা করেন।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরের দিকে তাসিকুল ইসলাম শান্তিনগর মোড়ে হাঁটছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের ছেলে মাহফুজ বিন তাসিফ জানান, তাদের বাড়ি রাজশাহীর গোদাগাড়ি উপজেলায়। বর্তমানে তারা রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। তার বাবা ছিলেন অবসরপ্রাপ্ত একজন প্রকৌশলী। প্রতিদিনের মতো রোববার ভোরেও ফজরের নামাজ পড়তে বের হয়েছিলেন তিনি। এরপরই সড়ক দুর্ঘটনার শিকার হন।
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বেলুচিস্তান
জাপান সফর শেষে দেশে ফিরলেন ড. ইউনূস