নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর জামিন আবেদন নামঞ্জুর

আপডেট : ০২ জুন ২০২৫, ০৫:১০ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দুইটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলার শুনানি শেষে সাবেক মেয়র আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে তিনটি মামলার শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুরের আদেশ দেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আ. কাইউম খান জানিয়েছেন, সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা, মো. তুহিন হত্যা ও নাদিম হত্যাচেষ্টা এ তিনটি মামলা আজ নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ শামীম আজাদের আদালতে শুনানি হয়। আদালত দুইপক্ষের শুনানি শেষে তিনটি মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।

এ বিষয়ে আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানিয়েছেন, দুইটি হত্যা ও একটি হত্যার চেষ্টা মামলায় এজাহারে আইভীর সম্পৃক্ততার কোনো উল্লেখ নেই। এ মামলা তিনটিতে আইভীর বিরুদ্ধে কোনো ধারায় অভিযোগের বর্ণনা বা তার নেই। তিনটি মামলায় আইভীর জামিন আবেদন করা হয়। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জানিয়েছেন, দুইটি হত্যা ও একটি হত্যার চেষ্টা মামলায় আইভী হুকুমের আসামি। এরই মধ্যে একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে আইভী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

উল্লেখ্য, গত ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগ তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৭ মে আইভীকে মিনারুল হত্যা মামলায়ব দুই দিনের রিমান্ড শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত