জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আনোয়ারা বেগমের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে বিচারক মিনহাজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
এর আগে গত বৃহস্পতিবার জুলাই গণ-অভ্যুত্থানকালে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলায় তকে কারাগারে পাঠায় আদালত।
জামিন আবেদনে উল্লেখ করা হয়, অধ্যাপক আনোয়ারা বেগমের বয়স ৭০ বছর। তিনি ৩৫ বছর যাবৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। অবসরপ্রাপ্ত এই অধ্যাপক একজন নারী। তিনি অসুস্থ। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, তিনি জামিন পাওয়ার হকদার।
পিএসসির সাবেক এ সদস্যের পক্ষে এদিন জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী ওবায়দুল ইসলাম। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে গত ২৮ মে সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক আনোয়ারা বেগমকে। জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লাকে ‘হত্যাচেষ্টার’ অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি অনুযায়ী, আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিপরীত পাশে স্টার হোটেলের সামনে বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এসময় তাদের ওপর ‘পরিকল্পিতভাবে হামলা, মারধর, গুলি চালানো হয়’। এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তখনকার সাধারণ সম্পাদক সুজন মোল্লা চোখে গুলিবিদ্ধ হন। দীর্ঘদিন তিনি হাসপাতালে ‘চিকিৎসা’ নেন।
