আলী রীয়াজ

দলগুলোর সঙ্গে ঐকমত্য হওয়া বিষয়গুলো জুলাই সনদে ঠাঁই পাবে

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৪:৫৪ পিএম

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দফায় আবারো বসেছে রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার (৩ জুন) সকাল ১১টায় ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় এই বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রীয়াজ। বৈঠকে অংশ নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতারা।

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবই চূড়ান্ত নয়, আলোচনার মাধ্যমে ঐকমত্য হওয়া বিষয়গুলো জুলাই সনদে ঠাঁই পাবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। তিনি বলেছেন, জুলাইয়ের মধ্যে সনদের কাজ শেষ করতে চায় কমিশন।
রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনার শুরুতে আলী রীয়াজ এ কথা বলেন।

আজকের বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা হবে বিষয়ভিত্তিক। পবিত্র ঈদুল আজহার আগে একদিন এবং ঈদের পরে দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা চলবে। বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের যেসব মৌলিক প্রস্তাবে এখনো ঐক্যমত্য হয়নি, সেগুলো এ পর্বে বেশি গুরুত্ব পাবে। যার অন্যতম—৭০ নম্বর অনুচ্ছেদের সংস্কার, সংসদের স্থায়ী কমিটিগুলোতে বিরোধী দলের নেতৃত্ব বৃদ্ধি, নারী আসনের সংখ্যা বাড়ানো এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে আগামী জুলাই মাসে ‘জুলাই সনদ’ তৈরি করার লক্ষ্য রয়েছে ঐকমত্য কমিশনের।

এর আগে, প্রথম দফার সংলাপ ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়। আজ চলছে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত