হরিণাকুণ্ডুতে ঈদুল আজহার নামাজ আদায়

আপডেট : ০৬ জুন ২০২৫, ০১:১২ পিএম

সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবারের মতো এবারও ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কয়েকটি গ্রামের মুসল্লিরা ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।
 
শুক্রবার (৬ জুন) সকাল ৮টায় উপজেলা শহরের ফুটবল মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের ইমামতি করেন মাওলানা রেজাউল ইসলাম। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবের সময়ের সঙ্গে মিল রেখে তারা দীর্ঘদিন ধরেই ঈদ জামাতের আয়োজন করে আসছেন। এবারও দখলপুর, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, পারফলসী ও পায়রাডাঙ্গা এলাকার শতাধিক মুসল্লি এই ঈদের জামাতে অংশ নেন।

ঈদ জামায়াত কমিটির সদস্য শাখাওয়াত হোসেন বলেন, আগে ঈদের জামাত আয়োজনের জন্য থানা থেকে অনুমতি নিতে হতো। এখন শুধু মোবাইলেই জানিয়ে দিই। প্রথম দিকে একটু ভয় লাগত, এখন আর সেই ভয় নেই। 

স্থানীয় মুসল্লি মো. হারুনুর রশিদ বলেন, গত ২২ বছর ধরে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুন্ডুতে ঈদের নামাজ আদায় করে আসছি। একসময় শুধু এখানে জামাত হতো, এখন পায়রাডাঙ্গা ও নিত্যনন্দনপুরসহ তিনটি স্থানে ঈদের জামাত হয়।

আয়োজক কমিটির সভাপতি আ. ন. ম. বজলুর রহমান বলেন, ওআইসিসহ বিশ্বের বেশিরভাগ মুসলিম আজ ঈদ উদযাপন করছেন। আমরা রাসুল (সা.) এর সুন্নাহ অনুসরণ করি, তাই তার দেখানো পথেই ঈদ উদযাপন করছি। 

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। খুতবায় ইমাম কোরবানি ও ত্যাগের তাৎপর্য তুলে ধরেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত