মধুখালীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ২০

আপডেট : ০৬ জুন ২০২৫, ০৪:০৩ পিএম

ফরিদপুরের মধুখালীর মেছড়দিয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ ২০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে যশোরগামী একটি যাত্রীবাহী বাস উপজেলার মেছড়দিয়া এলাকায় এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিশাল পাকুড়গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

এ সময় গাছের পাশে ভ্যান নিয়ে বসে থাকা আমিনুল ইসলাম বিদুল (৫৫) বাস ও গাছের মাঝে আটকে পড়েন। তিনি কামালদিয়া ইউনিয়নের কালপোহা গ্রামের মৃত তাছের শেখের ছেলে।

খবর পেয়ে মধুখালী ও ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় বাসের অন্তত আরও ১৯ যাত্রী আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে স্থানীয় মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর অধীর চন্দ্র হাওলাদার বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং একজন ভ্যানচালক আটকে পড়েন। আমরা দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করি।

যাত্রীরা জানান, একটি স্পিড ব্রেকার লক্ষ্য না করেই চালক বাসটি দ্রুতগতিতে তুলে দেন। এতে বাসটি রাস্তার পাশের পাকুড়গাছের সঙ্গে ধাক্কা খায়।

মধুখালী থানার অফিসার ইনচার্জ এসএম নুরুজ্জামান বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি এবং দুর্ঘটনাকবলিত বাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত