প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, রাখাইনের জন্য বাংলাদেশ করিডর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটি সর্বৈব মিথ্যা। এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প।
আজ শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি একথা বলেন।
তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব গত মার্চে ঢাকা সফরকালে রাখাইনের মানবিক বিপর্যয় মোকাবেলায় একটি ত্রাণ চ্যানেলের প্রস্তাব করেছিলেন। তিনি বলেছিলেন, প্রস্তাবটি রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়ক হবে। বিষয়টি প্রস্তাব পর্যায়েই রয়ে গেছে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত, এটা তাদেরই শিল্পকর্ম। আপনারা এ বিষয়ে হুঁশিয়ার থাকবেন। কোনোভাবেই বিভ্রান্ত হবেন না। এসব অপপ্রচারের পরেও আমরা লক্ষ্যচ্যুত হব না। এই জটিল সমস্যা সমাধানে আমাদের কাজ চালিয়ে যাব।
তিনি আরও বলেন, আমাদের দেশে এখন ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে। প্রায় এক লাখ রোহিঙ্গা এসেছে ২০২৩ সাল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর সময়কালে, যখন রাখাইন রাজ্যে ব্যাপক যুদ্ধাবস্থা বিরাজ করছিল। সেখানে চলমান সংঘাত ও মানবিক পরিস্থিতির কারণে এখনো অনেকে আসতে চেষ্টা করছেন। রোহিঙ্গাদের বাংলাদেশে আসা বন্ধ করতে এবং যারা ইতোমধ্যে বাংলাদেশে অবস্থান করছেন, তাদের প্রত্যাবাসনের জন্য আমরা উদ্যোগ নিয়েছি।
প্রধান উপদেষ্টা বলেন, আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম, তখন রোহিঙ্গা ইস্যুটিকে প্রায় মৃত অবস্থায় পেয়েছিলাম। আন্তর্জাতিক এজেন্ডা থেকে ইস্যুটি ঝরে পড়েছিল। সেই অবস্থা থেকে আমরা ইস্যুটিকে বিশ্ববাসীর দৃষ্টিতে নিয়ে আসতে পেরেছি।
আগামী এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন
‘জুলাই সনদ’ আগামী মাসে: ড. ইউনূস