দেশের মাটিতে হামজাদের ঈদ যেমন কাটছে

আপডেট : ০৭ জুন ২০২৫, ১১:১৯ এএম

সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে প্রবাসী ফুটবলাররা এখন বাংলাদেশে। ক্যাম্প উপলক্ষে জাতীয় দল এখন রাজধানী ঢাকার শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করছে। দলের মুসলিম ধর্মাবলম্বীরা সবাই আজ সকাল সাতটায় ঈদের নামাজ আদায় করেছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে সব ফুটবলারকে পাঞ্জাবি উপহার দেওয়া হয়েছে। সেই পাঞ্জাবি পরেই সকালে হোটেলের নিকটবর্তী মসজিদে ঈদ জামাতে অংশ নেন হামজা-জামালরা। বাফুফের তিন নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ, সাখওয়াত হোসেন ভুইয়া শাহীন ও ইকবাল হোসেন দলের সঙ্গে নামাজ পড়েছেন।

ঈদের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেছেন বাংলাদেশ দলের ফুটবলাররা। হোটেলে ফিরে ফুটবলাররা একে অন্যের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন। সকালে বাংলাদেশ দলের নিয়মিত নাস্তার পাশাপাশি ঈদের জন্য মেন্যুতে ছিল সেমাই । সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফুটবলারদের ছুটি দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যাদের বাসা ঢাকায়, তারা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন।

বাকি ফুটবলাররা ব্যক্তিগত কারণে এই সময়ে ক্যাম্পের বাইরে থাকতে পারবেন। ঈদের দিন বিকেলেও অনুশীলন রয়েছে। জাতীয় স্টেডিয়ামে বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত ঘাম ঝরাবেন হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। অন্যদিকে নারী ফুটবল দলও এশিয়ান কাপ মিশনে রয়েছে। ক্যাম্পে থাকা নারী ফুটবলারদেরও ঈদ উপহার দিয়েছে বাফুফে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত