শুরু থেকেই প্রচণ্ড চাপ অনুভব করছিলেন সারা

আপডেট : ০৯ জুন ২০২৫, ১১:০৫ এএম

প্রতিটি চলচ্চিত্রকেই ঘিরে আলাদা উচ্ছ্বাসে থাকেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খান। তবে অনুরাগ বসুর পরিচালনায় কাজের সুযোগ পাওয়া তাঁর কাছে যেন এক বিশেষ অর্জন।

২০০৭ সালে মুক্তি পাওয়া অনুরাগ বসুর আলোচিত ছবি ‘লাইফ ইন আ মেট্রো’ তোলপাড় ফেলে দিয়েছিল বক্স অফিসে। এবার তিনি ফিরছেন আধুনিক প্রেমকাহিনিকে ঘিরে নতুন ছবি ‘মেট্রো...ইন দিনোঁ’ নিয়ে। এতে থাকছেন বলিউডের একঝাঁক তারকা, যারা দর্শকদের সামনে প্রেমের নানা রূপ তুলে ধরবেন। অনুরাগের এমন একটি প্রজেক্টের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন সারা।

সম্প্রতি ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অনুরাগ বসুসহ অন্যান্য শিল্পীদের সঙ্গে উপস্থিত ছিলেন সারা আলি খান। সেখানেই তিনি অনুরাগের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘অনুরাগ বসুর সিনেমা দেখে বড় হয়েছি। ‘লাইফ ইন আ মেট্রো’ আমার প্রিয় ছবিগুলোর একটি। কখনো ভাবিনি তাঁর পরিচালনায় আমি অভিনয় করব। এই ছবিতে সুযোগ পাওয়া আমার জন্য এক স্বপ্নপূরণ। আমি এখন গর্ব করে বলতে পারি—আমি অনুরাগ বসুর নায়িকা।”

‘মেট্রো...ইন দিনোঁ’ ছবিতে জুটি হিসেবে থাকছেন—নীনা গুপ্তা ও অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠি ও কঙ্কনা সেনশর্মা, আলি ফজল ও ফাতিমা সানা শেখ এবং আদিত্য রায় কাপুর ও সারা আলি খান। কলকাতা, মুম্বাই, দিল্লি ও বেঙ্গালুরুর প্রেক্ষাপটে চারটি ভিন্ন ধাঁচের প্রেমকাহিনি একসঙ্গে তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা জানিয়ে সারা বলেন, ‘এই ছবিটি নিয়ে আমি শুরু থেকেই প্রচণ্ড চাপ অনুভব করছিলাম। এমন অনেক মুহূর্ত এসেছে, যেখানে নিজেকে বিশ্বাসই করতে পারিনি যে আমি সত্যিই এর অংশ। এখন এই মঞ্চে দাঁড়িয়ে, যাঁরা আমার পরম শ্রদ্ধার মানুষ, তাঁদের পাশে নিজেকে অত্যন্ত গর্বিত মনে হচ্ছে।’

পরিচালক অনুরাগ বসুর সঙ্গে প্রথমবারের মতো কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘তাঁর কাজের ধরন আমার কাছে একেবারেই নতুন। ফলে শুরুতে আমাকে সহ-অভিনেতা আদিত্যর ওপর সম্পূর্ণ ভরসা করতে হয়েছে। যেহেতু আদিত্য আগেই অনুরাগদার ‘লুডো’ ছবিতে কাজ করেছেন, তাই তিনি আমাদের মধ্যে এক অনন্য যোগসূত্র তৈরি করেছিলেন। আমরা সবাই দারুণ মজা করে কাজ করেছি। বসুদার পরিচালনা কৌশল আমার কাছে এক অসাধারণ অভিজ্ঞতা।’

সারা আরও জানান, সহশিল্পী ফাতিমা সানা শেখ, যিনি ‘লুডো’-তেও কাজ করেছিলেন, তিনিও তাকে নানা দিক থেকে সহযোগিতা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত