‘ভক্তদের আশার প্রতিদান দেওয়ার ম্যাচ কাল’

আপডেট : ০৯ জুন ২০২৫, ০৩:২২ পিএম

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠের এই ম্যাচটির দিকে তাকিয়ে রয়েছেন গোটা দেশের ফুটবল অনুরাগীরা। ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরীর লাল-সবুজ জার্সিতে অভিষেকের পর প্রথম ম্যাচে ভারতকে রুখে দেওয়ার পর থেকেই এই ম্যাচটিকে ঘিরে শুরু সকল উত্তেজনার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও মানেন সেটি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তাই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ভক্তদের মনে তৈরি হওয়া আশার প্রতিদান দেওয়ার প্রত্যয় জানালেন জামাল।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জামাল বলেন, ‘শেষ সাফ থেকেই ভক্তদের মনে আশার সঞ্চার বেড়ে চলেছে। কাল সেই দিন যেখানে আমাদের ভক্তদের, নিজেদের, পরিবারের, সবার আশার প্রতিদান দিতে হবে। এই ম্যাচটি ঘিরে আমাদেরও বড় স্বপ্ন রয়েছে। তাই ম্যাচটি জিতে পুরো ৩ পয়েন্ট নিয়ে সেই আশার প্রতিদান দিতে চাই। আর সেই সঙ্গে ভক্ত অনুরাগীদের জন্য মাঠেও আমরা সেরা নৈপুণ্য দেখাতে চাই।’

এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে শিলংয়ের ম্যাচে একাদশ কিংবা বদলি কোনো রূপেই দেখা যায়নি অধিনায়ককে। আগামীকালের ম্যাচ তার থাকা না থাকা নিয়ে জামাল জানান, ‘আমি খেলতে চাই, সেটা ১০ মিনিট হোক বা ৬০ মিনিট। এটাই আমার কাজ। কিন্তু সবার আগে দল। আমি যদি না খেলি তাহলে যারা খেলছে তাদের সাহস যোগানো ও উদ্বুদ্ধ করতে হবে। যেন আমরা ম্যাচটি জিততে পারি।’

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত