আজ ও আগামীকাল সীমিত পরিসরে ব্যাংক খোলা

আপডেট : ১১ জুন ২০২৫, ০৫:৪৪ এএম

ঈদের ছুটির মধ্যে ওষুধশিল্প খাতসহ আমদানি-রপ্তানি ও বৈদেশিক লেনদেনের লক্ষ্যে ১১ ও ১২ জুন সীমিত পরিসরে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। এ দুদিন নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট শাখাগুলোতে লেনদেন চলবে। গত ২৫ মে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ওষুধশিল্প খাতসহ আমদানি ও রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান এবং গ্রাহকদের গুরুত্বপূর্ণ ও বৈদেশিক লেনদেন সম্পাদনের লক্ষ্যে ১১ ও ১২ জুন সরকারি ছুটির দিন ব্যাংকের স্বীয় বিবেচনায় ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার অথরাইজড ডিলার (এডি) শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। এ দুদিন অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

আরও বলা হয়, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি মোতাবেক ভাতাদি পাবেন বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত