রাজধানীতে ফিরতে শুরু করেছে ঈদে গ্রামে যাওয়া মানুষ। ঈদের আমেজ এখনো না কাটলেও বেসরকারি অফিসের ছুটি শেষ হয়ে যাওয়ায় রাজধানীতে ফিরছে মানুষ বাড়ছে কর্মব্যস্ততা। সরকারি হিসেব অনুযায়ী ঈদের ছুটি চলবে আরো তিনদিন। তবে এখনো কেউ কেউ ঢাকা ছেড়ে গ্রামে যাচ্ছেন ঈদের ছুটিতে।
বুধবার (১১ জুন) গাবতলী বাস টার্মিনালে গেলে দেখা যায়, ঈদ উদযাপন করতে আজও কেউ কেউ বাড়ি ফিরছেন। তবে সে সংখ্যাটা খুব বেশি নয়। তবে জীবিকার তাগিদে ঢাকায় ফিরে আসছেন অনেকেই। পরিবহণ সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা থেকে যে পরিমাণ মানুষ যাচ্ছে, ফিরছে তার বেশি।
গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার ম্যানেজার হাফিজুর রহমান বলেন, এখন যাত্রী কম থাকায় ৮ থেকে ১০ জন যাত্রী নিয়েই বাস ছাড়তে হচ্ছে। তবে ঢাকা ফেরত প্রতিটি বাসই যাত্রীতে ভরপুর থাকে।
হানিফ পরিবহনের কাউন্টার ম্যানেজার শফিকুর রহমান বলেন, বাড়ি ফেরা যাত্রীর পরিমাণ এখন কম তাই আমাদের অল্প যাত্রী দিয়েই বাস ছাড়তে হচ্ছে। তবে ঢাকায় যে বাসগুলো ফিরছে, সেগুলো কোনোটাই খালি ফিরছে না।
এদিকে কমলাপুর রেলস্টেশনে সকাল থেকেই নিয়মিত বিরতিতে ছেড়ে যাচ্ছে ট্রেন। যাওয়া-আসা দুই পথের যাত্রীদেরই চাপ ছিলো প্রায় সমান। সরকারি ছুটির হিসেবে বাকি রয়েছে আরও দিন তিনেক। এই সময়টা নিজেদের মতো করে কাটাতে ঢাকা ছাড়ছেন অনেকেই।
অনেকে ঢাকায় ঈদ উদযাপন করতে এসেছিলেন, তারাও ফিরে যাচ্ছেন নিজের কর্মস্থলে। যাত্রীরা জানান, ঈদের পরপর যাত্রাপথে অনেকটা স্বস্তি মেলে, তাই ঈদের পরেই যাচ্ছেন বাড়িতে।
