খুলনায় শিল্প-কলকারখানা রক্ষায় ৫ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে খুলনা নাগরিক সমাজ। বৃহস্পতিবার দুপুরে সংগঠন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
৫ দফা দাবির মধ্যে রয়েছে, নিউজপ্রিন্ট মিলের অবৈধ টেন্ডার বাতিল, লুটপাটকারী, নাটকীয় ও ষড়যন্ত্রমূলক টেন্ডারের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা, টেন্ডারের নামে ইতিপূর্বে পাচার হয়ে যাওয়া সম্পদ রাষ্ট্রের অনুকূলে ফেরৎ প্রদান, বন্ধ সকল কারখানা আধুনিকায়ন করে চালু এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ, লুটপাটের প্রতিবাদকারী শ্রমিকদের হয়রানি বন্ধ ও পাটকল রক্ষা আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের ব্যাপারে সরকারের স্পষ্ট বক্তব্য ও রূপরেখা প্রদান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার। এ সময় খুলনা নাগরিক সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
