মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের পূর্ব বাঁচামরা এলাকার যমুনা নদীতে গোসল করতে গিয়ে এক অন্তঃসত্ত্বা গৃহবধূ ও এক শিশু নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল গত ২৪ ঘণ্টা চেষ্টা করেও তাদের সন্ধান পায়নি।
বুধবার (১১ জুন) বিকেলে দৌলতপুর উপজেলার বাঁচামরা এলাকার চুয়াডাঙ্গা যমুনা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন, বাঁচামারা পূর্ব পাড়া গ্রামের আব্দুল বয়াতির মেয়ে অন্তঃসত্ত্বা মোছা: বর্ষা খাতুন (২০) এবং একই এলাকার রাহেজ বয়াতির মেয়ে লামিয়া খাতুন (৯)।
জানা গেছে, বুধবার বিকেলে যমুনা নদীর ঘাটে একই এলাকার ৪-৫ প্রতিবেশী একসঙ্গে গোসলে নামেন। নদীর স্রোতে তারা সকলেই ভেসে যাওয়া শুরু করে। এ সময় তাদের মধ্যে ৩ জন সাঁতরে নদীর পাড়ে উঠতে পারলেও বর্ষা ও লামিয়া ডুবে যায়। পরে ৯৯৯ এ কল করে বিষয়টি জানালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন রাত সোয়া ১০টার দিকে বলেন, আপাতত উদ্ধার অভিযান স্থগিত। আগামীকাল সকালে অভিযান শুরু করবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
