সাউথ আফ্রিকায় মুক্তিপণ না পেয়ে বাংলাদেশিকে হত্যা

আপডেট : ১৪ জুন ২০২৫, ০১:০৪ এএম

সাউথ আফ্রিকায় মুক্তিপণের পরিমাণ না মেটাতে না পারায় বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী মুহাম্মদ আলমগীর হোসেন ইকবালকে নির্মমভাবে হত্যা করেছে অপহরণকারীরা। নিহত আলমগীর নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের একজন বাসিন্দা। ২ জুন অপহরণ হওয়া তার পরিবারের কাছে প্রথমে মুক্তিপণ হিসেবে ৫ কোটি টাকা দাবি করা হয়। পরে ১ কোটি টাকায় নামিয়ে আনলেও পরিবার অর্থ প্রদান করতে পারেনি। এর ফলে ১২ জুন কুইন্সটাউনের একটি জঙ্গলে আলমগীর হোসেন ইকবালের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনা ঘিরে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে সাউথ আফ্রিকায় বসবাসরত আলমগীরের সেখানে নিজের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তার পরিবারে মা, স্ত্রী এবং দুই পুত্র সন্তান রয়েছেন, যারা বর্তমানে নারায়ণগঞ্জ শহরে বসবাস করেন।

নিহতের ভগ্নিপতি শরিফুর রহমান ঢালী জানান, ২ জুন রাত ১০টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মালামাল নামানোর সময় চার অপহরণকারী অস্ত্রের মুখে আলমগীরকে জিম্মি করে অপহরণ করে নেয়। দুই দিন পর তার স্ত্রীর মোবাইলে ফোন দিয়ে ৫০ লাখ র্যান্ড (বাংলাদেশি ৫ কোটি টাকা) মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের পক্ষ থেকে আর্থিক সংকট জানালে অপহরণকারীরা ১ কোটি টাকা দাবি করে। কিন্তু তা দেওয়া না হওয়ায় ১২ জুন একটি জঙ্গলে আলমগীরের লাশ পাওয়া যায়। তিনি আরও জানান, নিহত আলমগীরের লাশ আগামী ১৫ জুন রাতে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দেশে আনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত