গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের কথা মনে আছে? ডেভিড মিলারের প্রায় ছক্কা হতে যাওয়া শটটি অসামান্য দক্ষতায় তালুবন্দি করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন সূর্যকুমার যাদব। বাউন্ডারি লাইনে ক্যাচ নেওয়ার সময় শরীরের ভারসাম্য রাখা কঠিন হয়ে যায়। তাই ফিল্ডাররা বলটি ওপরে ছুড়ে দিয়ে সীমানা পেরিয়ে যান। পরে ভেতরে এসে ক্যাচ নেন। কেউ আবার বাউন্ডারি লাইনের বাইরে গিয়েও একাধিকবার লাফিয়ে বল স্পর্শ করেন। এই নিয়ম এবার বদলে যাচ্ছে।
ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বাউন্ডারি লাইনে ক্যাচ নেওয়ার নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি)। নতুন নিয়ম অনুযায়ী এভাবে ক্যাচ নেওয়া কিংবা ছক্কা বাঁচানো আর বৈধ থাকছে না। নতুন নিয়ম অনুযায়ী, একজন ফিল্ডার বাউন্ডারি সীমানার বাইরে লাফিয়ে শুধু একবারই বল স্পর্শ করতে পারবেন। এরপর সীমানার ভেতরে ঢুকে তাকে ক্যাচ নিতে হবে।
২০২৩ সালে বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের জর্ডান সিল্কের একটি আলোচিত ক্যাচ নিয়েছিলেন ব্রিসবেন হিটের মাইকেল নেসের। তিনি বাউন্ডারি লাইনের বাইরে লাফিয়ে দ্বিতীয়বার স্পর্শ করে বলটি সীমানার ভেতরে ফেরত পাঠান। নতুন নিয়মে এটা করা যাবে না। ইতোমধ্যেই সদস্য দেশগুলোর কাছে এ বিষয়ক নির্দেশনা পাঠানো হয়েছে। নতুন এই নিয়ম কার্যকর হবে আগামী বছরের অক্টোবর থেকে।
এমসিসি তাদের নতুন আইনের ব্যখ্যায় বলেছে, ‘এমসিসি নতুন আইন করেছে, যেখানে সীমানার বাইরে ছোট্ট লাফ নিষিদ্ধ করা হয়েছে। এসব ক্যাচের ক্ষেত্রে ফিল্ডার সীমানার ভেতরে থেকে বল শূন্যে ছুড়ে দিয়ে বাইরে পা রাখার পর ক্যাচটি ধরতে ডাইভ দিয়ে সীমানার ভেতরে ফিরতে পারবেন। তবে সীমানার বাইরে গিয়ে লাফ দিয়ে বল ভেতরে পাঠানো যাবে না। সীমানার বাইরে চলে যাওয়া ফিল্ডার শূন্যে থাকতে একবারই বল স্পর্শ করতে পারবেন। তারপর ডেলিভারিটির বাকি সময় সম্পন্ন করতে সীমানার ভেতরে থাকতে হবে।’
ক্লাব বিশ্বকাপে খেলবেন ডাকাতিতে অভিযুক্ত সেই আর্জেন্টাইন ফুটবলার
রেকর্ড ভাঙা ২ হাজার কোটিতে লিভারপুলে ভির্টৎস?
এআই, ট্যাব, বডি ক্যামেরাসহ যা যা থাকছে ক্লাব বিশ্বকাপে