হিলিতে আম দেয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে পুলিশে দিল জনতা

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৪:০৮ পিএম

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে আম খাওয়ানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত আজিজুর রহমান (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এর আগে স্থানীয় জনতা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। 

শুক্রবার (১৩ জুন) রাত ১১টায় হিলির আলিহাট গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত আজিজুর রহমান ওই গ্রামের মফিজ মন্ডলের ছেলে। 

শিশুটির পরিবারে লোকজন জানায়, শুক্রবার দুপুরের দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল এই সময় প্রতিবেশী চাচা আজিজার রহমান আম খাওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে যায়। পরে শিশুটি চিৎকার করলে শিশুটিকে ভয় দেখিয়ে ছেড়ে দেয়। শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। এরপরে গোটা গ্রামের লোকের মাঝে জানাজানি হলে গ্রামের লোকজন ওই যুবককে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পায় হিলির আলীহাট গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার সত্যতা পাওয়ায় ভিকটিমকে উদ্ধার পূর্বক অভিযুক্ত আসামি আজিজুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের পূর্বক আসামিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত