নরসিংদীর পলাশে শোডাউনকে কেন্দ্র করে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল সমর্থক ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ সহ তিনজন আহত হয়েছে। রবিবার (১৫ জুন) সন্ধ্যায় পলাশ সদরের বিএডিসি মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল, ছাত্রদল কর্মী ইসমাইল হোসেন (২৬) ও অজ্ঞাত একজন। তাদের মধ্যে ইসমাইল গুলিবিদ্ধ হয়েছেন।
স্থানীয়রা জানান, বিকালে উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিট পলাশ বাসস্ট্যান্ড এলাকা হতে শোডাউনের উদ্দেশ্যে একটি মিছিল বের করে। মিছিলটি বিএডিসি মোড় এলাকায় গেলে বিপরীত দিক হতে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল এর নেতৃত্বে তার সমর্থকদের একটি শোডাউনের মুখোমুখি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন উপজেলা ছাত্রদলের কর্মী ইসমাইল হোসেন ও বিএনপি নেতা ফজলুল কবির জুয়েলসহ আরও একজন। খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে ছাত্রদল কর্মী ইসমাইলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বিএনপি নেতা ফজলুল কবির জুয়েলকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, দুই পক্ষের শোডাউন মুখোমুখি হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধ সহ তিনজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আমিও আহত হয়েছি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
২,৩০০ কি.মি. দূর থেকে ইরানের মাশহাদ বিমানবন্দরে হামলা
বিজয়নগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ 