নারায়ণগঞ্জের বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত (৩৩) এক যুবক নিহত হয়েছে। সোমবার (১৬ জুন) বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন- ওই এলাকার সোহান (৩০) ও সানী (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৫ জুন) দিবাগত গভীর রাতে দক্ষিণ লক্ষণখোলা এলাকায় মাদরাসা স্ট্যান্ডে জ্বালানি তেলের দোকান আহাম্মেদ ট্রেডার্সে ডাকাতির সময় জনতার হাতে ধরা পড়েন ওই যুবক। তখন স্থানীয়রা গণপিটুনি দিলে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জ্বালানি তেলের দোকানের কর্মচারী সানী জানান, তারা দোকানে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে ৬ জনের ডাকাত দল এসে দোকানের তালা ভেঙে দোকানে প্রবেশ করে তাদের মারধর করে। এ সময় তাদের ডাক চিৎকারে এলাকাবাসী জড়ো হলে তারা পালানোর সময় তাদের একজন জনতার গণপিটুনিতে গুরুতর আহত হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বিষয়টি ডাকাতি নাকি চুরি তা খতিয়ে দেখা হচ্ছে। আর গণপিটুনিতে যে যুবকের মৃত্যু হয়েছে তিনি ডাকাত দলের সদস্য কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহ বর্তমানে নারায়ণগঞ্জ মর্গে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
ঘটনাস্থলে আসা নারায়ণগঞ্জ সিআইডির পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, সার্ভার সমস্যার কারণে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা নিহতের আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছি। ঢাকায় নিয়ে তা পরীক্ষা করে পরিচয় শনাক্ত করা হবে।
