পরিবহন সংকট নিরসনে ৩ দাবি জবি ছাত্র অধিকার পরিষদের

আপডেট : ১৯ জুন ২০২৫, ০৬:০১ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পরিবহন সংকট নিরসনের লক্ষ্যে ৩ দাবি জানিয়ে প্রশাসনের কাছে আবেদনপত্র দিয়েছে শাখা ছাত্র অধিকার পরিষদ। আজ বৃহস্পতিবার (১৯ জুন) সংগঠনটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালকের কাছে একটি লিখিত আবেদনপত্র জমা দেওয়া হয়।

আবেদনপত্রে তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলো হলো, (১)দুপুর ১:৩০ মিনিটে অতিরিক্ত অন্তত দুটি শাটল বাস সংযোজন করা, (২)মোট বাস সংখ্যা শিক্ষার্থীর অনুপাতে যথাযথভাবে বাড়ানো, এবং(৩) পরিবহন ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন।

আবেদনপত্রে বলা হয়, প্রতিদিন দুপুর ১:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ত্যাগ করা শিক্ষার্থীদের সংখ্যা বিপুল, অথচ এই সময়ে মাত্র দুটি শাটল বাস চলাচল করে। এতে অতিরিক্ত ভিড়ের কারণে শিক্ষার্থীরা ধাক্কাধাক্কি, ঝুঁকিপূর্ণ যাতায়াত ও মানসিক চাপের সম্মুখীন হন। শুধু দুপুরের সময় নয়, সার্বিকভাবেই জবির পরিবহন ব্যবস্থা শিক্ষার্থীদের চাহিদার তুলনায় একেবারেই অপর্যাপ্ত বলে জানিয়েছে সংগঠনটি। সকাল-বিকেল কিংবা দিনব্যাপী বিভিন্ন সময়ে পর্যাপ্ত বাস না থাকায় শিক্ষার্থীদের বিকল্প এবং ব্যয়বহুল পরিবহন ব্যবহার করতে হচ্ছে, যা অনেকের জন্য আর্থিকভাবে বোঝা হয়ে দাঁড়িয়েছে।

জবি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বড় একটা অংশ বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়ত করে থাকে। দীর্ঘদিন তারা অনেক সমস্যার সম্মুখীন হয়ে চলেছে। সামনে নতুন একটা ব্যাচও আসতে চলেছে, তাই আমাদের এই সমস্যা নিরসনের প্রয়োজন। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীদের এই দাবি পূরণের মাধ্যমে যাতায়তের এক সুন্দর ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। পরিবহন প্রশাসক স্যার আমাদের আশ্বাস দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত