জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ও ভর্তি ফি পরিশোধে রূপালী ব্যাংকের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘রূপালীক্যাশ’ যুক্ত হয়েছে। এ লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঘরে বসেই রূপালীক্যাশের মাধ্যমে ভর্তি ফি জমা দিতে পারবেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে রূপালী ব্যাংকের চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমীন স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মো. অহিদুল ইসলাম সরকার বলেন, এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি আবেদন সম্পন্ন করে সহজেই রূপালীক্যাশের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন। এর মাধ্যমে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়বে, নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে এবং আর্থিক অন্তর্ভুক্তি জোরদার হবে।
রূপালী ব্যাংক জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি আবেদন সম্পন্ন করার পর পেমেন্ট অপশন থেকে রূপালীক্যাশ নির্বাচন করে ফি জমা দেওয়া যাবে। বর্তমানে এ সেবার মাধ্যমে শিক্ষা ফি, ই-কমার্স কেনাকাটা এবং বিভিন্ন পরিষেবার বিল পরিশোধের সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে রূপালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (আইটি) মুহাম্মদ আরিফুজ্জামান সরকার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মাদ আলী নূর ও পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) অধ্যাপক মোস্তাফিজ আহমেদ উপস্থিত ছিলেন।