আশুলিয়ায় নারীকে মারধর করে ছিনতাই, গ্রেপ্তার ২

আপডেট : ২০ জুন ২০২৫, ০৬:৪৮ পিএম

সাভারের আশুলিয়ায় এক নারী যাত্রীকে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনূর কবির।

গ্রেপ্তারকৃতরা হলেন নাটোরের সিংড়া থানার দড়ি মহিষমারী গ্রামের মৃত নামাজ আলী ওরফে নেওয়াজ আলী ওরফে আব্দুর রাজ্জাকের ছেলে মিন্টু প্রামানিক (৩৮) এবং একই এলাকার গোলজার রহমানের ছেলে ইউসুফ আলী (২৮)।

সংবাদ সম্মেলন থেকে পুলিশ জানায়, গত ১৬ জুন দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার বাইশমাইল এলাকার ঘোড়াপীর মাজার সড়কে চারজন অজ্ঞাত দুর্বৃত্ত রিকশা থামিয়ে এক নারী যাত্রীকে রিকশা থেকে নামিয়ে এলোপাতাড়িভাবে মারধর করে তার কাছ থাকা নগদ ১৫০০ টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি বাটন মোবাইল লুট করে পালিয়ে যায়।

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের হলে পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত মিন্টু প্রামাণিক ও ইউসুফ আলীকে গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে মোবাইল উদ্ধার, ধারালো চাকু ও লাঠি জব্দ করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনূর কবির বলেন, গ্রেপ্তারকৃত মিন্টু প্রামাণিকের বিরুদ্ধে নাটোর, নওগাঁ ও বগুড়ার দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও দস্যুতার ৮টি এবং ইউসুফের বিরুদ্ধে নাটোর জেলার বিভিন্ন থানাসহ দেশের বিভিন্ন থানায় ৩টি ডাকাতি, দস্যুতা মামলা রয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযানসহ আলামত উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত