চট্টগ্রামে কর্মীদের বিক্ষোভের মুখে হাবিবুর রহমান নামে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রাতে ওই নেতাকে আটকের পর আজ শুক্রবার (২০ জুন) সকাল ৯টার দিকে দলটির নেতাকর্মীরা নগরের চান্দগাঁও থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। এ সময় ‘মিথ্যা মামলা' প্রত্যাহার করাসহ নানা স্লোগান দিতে থাকেন তারা।
এরপর বাদী ও মামলার ১১ জন সাক্ষী থানায় উপস্থিত হয়ে জানান, হাবিবুর রহমান ওই মামলার আসামি নন। এরপর তাকে মুক্তি দেয়া হয়।
জানা গেছে, চাঁদাবাজির অভিযোগে করা মামলায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের চান্দগাঁও থানা শাখার সেক্রেটারি হাবিবুর রহমানকে আটক করে পুলিশ। তবে দলটির দাবি, হাবিবুর রহমানকে একটি ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলায় আটক করা হয়েছে।
ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান জানান, কাপ্তাই রাস্তার মাথায় চাঁদাবাজির বিরুদ্ধে গত এপ্রিল মাসে একটি সমাবেশ করেছিলেন হাবিবুর। এরপর থেকেই তাকে লক্ষ্য করে একটি চক্র অপপ্রচার চালায় এবং ষড়যন্ত্রমূলকভাবে একটি মামলায় তার নাম জড়ায়।
তিনি আরও জানান, চাঁদা আদায় নিয়ে গঠিত একটি তদন্ত কমিটিকে কেন্দ্র করে একটি পক্ষ পরিকল্পিতভাবে হাবিবুর রহমানের নাম মামলায় ঢোকায়। বৃহস্পতিবার সেই মামলার বিষয়ে জানতে তিনি থানায় গেলে পুলিশ তাকে আটক করে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ‘হাবিবুর রহমান নিজেই থানায় এসেছিলেন। আমাদের এক সোর্স জানায়, তিনি ওই মামলার আসামি। সেই তথ্যের ভিত্তিতে আমরা তাকে আটক করি এবং বাদীকে খবর দিই। পরে বাদী ১১ জন সাক্ষী নিয়ে থানায় এসে জানান, হাবিবুর এই মামলার আসামি নন। তখন আমরা তাকে মুক্তি দিই।’
