ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোর কাছে ৩-১ গোলে হেরে গেছে ইংলিশ জায়ান্ট চেলসি। অখ্যাত ক্লাবটির কাছে এমন হার মানতেই পারছেন না চেলসির সমর্থক থেকে শুরু করে সাবেক ফুটবলাররা। ম্যাচটিতে মারাত্মক ফাউল করে লাল কার্ড দেখেছেন চেলসির নিকোলাস জ্যাকসন। খেলা শেষে এই মিডফিল্ডারকে একহাত নিয়েছেন ক্লাবটির সাবেক মিডফিল্ডার জন ওবি মিকেল।
ম্যাচের ৬৮তম মিনিট চলছিল। চেলসি তখন ২-১ গোলে পিছিয়ে। এমন সময় ফ্ল্যামেঙ্গোর ডিফেন্ডার লুকাস আয়ারটনকে মারাত্মকভাবে ফাউল করে বসেন কয়েক মিনিট আগেই বদলি নামা জ্যাকসন। সেনেগালের এই স্ট্রাইকারকে লাল কার্ড দেখিয়ে দেন রেফারি। চেলসি পরিণত হয় ১০ জনের দলে। পরে তারা আরও একটি গোল হজম করে। আশঙ্কা করা হচ্ছে যে, এই মারাত্মক ফাউলের জন্য নিষিদ্ধ হতে পারেন জ্যাকসন। ছিটকে যেতে পারেন ক্লাব বিশ্বকাপ থেকেও।
জ্যাকসনের সমালোচনা করে ওবি মিকেল বলেছেন, ‘এটা স্টুপিড, স্টুপিড, স্টুপিড ভুল! আমি জানি না তার মাথায় কী চলছিল! ২-১ গোলে পিছিয়ে থাকা অবস্থায় আপনি যখন মাঠে নামবেন, তখন আপনাকে দলের প্রয়োজনটা বুঝতে হবে। সেই অনুযায়ী খেলতে হবে। সে নিউক্যাসেলের হয়ে একটা ম্যাচেও এই কাজ করেছিল, যে ম্যাচটি জয়ের সঙ্গে আমাদের চ্যাম্পিয়নস লিগে যাওয়ার সম্পর্ক ছিল। এসব ম্যাচে ভুল করা যাবে না।’
তিনি আরও বলেছেন, ‘সে কতটা হতাশ হয়েছে, আমি তার পরোয়া করি না। চেলসি একটি বড় ফুটবল ক্লাব। আপনি যদি বড় খেলোয়াড় হয়ে থাকেন, তাহলে দলের কথা ভাবতে হবে। এটা টুর্নামেন্টকে সে ধারণ করে বলে তো মনে হয় না। সে ক্লাবের একমাত্র ফুটবলার হতে চায়। সুস্থ প্রতিযোগিতা থাকা গুরুত্বপূর্ণ। যদি সে এর জন্য প্রস্তুত না থাকে, তাহলে তার চেলসির মতো ফুটবল ক্লাবে থাকা উচিত নয়।’
জেগে উঠছে ব্রাজিল ফুটবল; এবার চেলসি হারল ফ্ল্যামেঙ্গোর কাছে
ঝড়-বৃষ্টি নয়, ক্রিকেট ম্যাচ বন্ধ হলো সূর্যের আলোর জন্য!
বল ভীষণ সুইং করছিল, কঠিন পরিস্থিতিতে জয়ওয়ালের সেঞ্চুরি