মা ছিলেন কাজে ব্যস্ত, উঠানে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ২১ জুন ২০২৫, ০৫:০২ পিএম

সকালেও বাড়ির উঠানজুড়ে দস্যিপনা করে ছুটেছে দুই বছরের শিশুটি। তাকে সেখানে খেলতে দিয়ে ধানের কাজে ব্যস্ত ছিলেন মা। কিছুক্ষণ পরই পানিভর্তি একটি বালতি থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা।

আজ শনিবার (২১ জুন) সকালে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ঢোলভাঙ্গা গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সালমান ফারসি। সেই গ্রামের কৃষক মানিক মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানায়, সবার অগোচরে শিশুটি খেলতে খেলতে বাড়ির আঙিনার কোনায় থাকা একটি বালতির কাছে চলে যায়। সেখানে বালতিতে পানি ভরা ছিল। ধারণা করা হচ্ছে, পানি নিয়ে খেলার একপর্যায়ে বালতিতে পড়ে ডুবে যায় শিশুটি। এরকিছুক্ষণ পরেই শিশু সালমানকে আঙিনায় দেখতে না পেয়ে তার মা খুঁজতে থাকেন। খোঁজার এক পর্যায়ে শিশুটিকে বালতির পানি থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে স্বজনেরা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্ট বলেন, বালতির পানিতে ডুবে সালমান নামের শিশুর মৃত্যুর খবর শুনেছি। শিশুরা যখন নতুন হাঁটতে শেখে, তখন তাদের চোখের আড়াল করা ঠিক নয়। এই বয়সে শিশুদের ক্ষেত্রে পরিবারের সদস্যেরা একটু সচেতন হলেই এ ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত