উলসানকে ‘আর্জেন্টিনা ভেবে’ হারিয়ে দিল ব্রাজিলের ক্লাব!

আপডেট : ২২ জুন ২০২৫, ১১:৪৪ এএম

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে কিছুদিন আগেই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হেরেছে ব্রাজিল। চাকরি গেছে কোচ দরিভাল জুনিয়রের। উলসান এইচডি তো আর আর্জেন্টিনার ক্লাব না। তবে দক্ষিণ কোরিয়ার ক্লাবটির জার্সি অনেকটাই আর্জেন্টিনার মতো। ক্লাব বিশ্বকাপে সেই উলাসানকে এবার ৪-২ গোলে হারিয়ে দিয়েছে ব্রাজিলের ফ্লুমিনেন্স।

চলতি ক্লাব বিশ্বকাপ দুর্দান্ত দাপট দেখাচ্ছে ব্রাজিলের ক্লাবগুলো। গতকাল শনিবার রাতের ম্যাচটিতে ব্রাজিলের ক্লাবটির হয়ে গোল করেন জন আরিয়াস, নোনাতো, জুয়ান পাবলো ফ্রেইতেস এবং কেনো। ম্যাচজুড়ে ব্রাজিলের ক্লাবটিরই আধিপত্য ছিল। ৭০ শতাংশ সময় তাদের পায়েই বল ছিল। ২৫টি শট নিয়ে ৮টি লক্ষ্যে রাখতে পারে তারা। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার ক্লাবটি ১০টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে পারে।

২৭ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক গোলে ফ্লুমিনেন্সকে এগিয়ে দেন আরিয়াস। ৩০ মিনিট কাটার পরই হঠাৎ ভয়ঙ্কর হয়ে ওঠে উলসান। ফ্লুমিনেন্সের রক্ষণে ত্রাস ছড়াতে থাকে। ৩৭ মিনিটে জিন-হিউনের সৌজন্যে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়ার ক্লাবটি। এর ১১ মিনিট পর ব্রাজিলিয়ান রক্ষণভাগকে স্তব্ধ করে দলকে এগিয়ে দেন ওন-স্যাং। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ফ্লুমিনেন্স। অবশেষে ৬৫ মিনিটে কেনোর ক্রস থেকে বল জালে পাঠান ফাঁকায় দাঁড়ানো নোনাতো।

৮৩ মিনিটে তৃতীয় গোলটিও আসে কেনোর পাস থেকে। এ যাত্রায় বল জালে পাঠান ফ্রেইতেস। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরিয়াসের ক্রস থেকে হেড করে স্কোরলাইন ৪-২ করে ফেলেন কেনো। সেই সঙ্গে এবারের আসরে এখন পর্যন্ত ব্রাজিলিয়ান ক্লাবগুলোর অপরাজিত থাকা নিশ্চিত হয়। এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের শীর্ষে অবস্থান করছে ফ্লুমিনেন্স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত