ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে একটা সময় ভারতের রান ছিল ৩ উইকেটে ৪৩০। সেখান থেকে ৪৭১ রানে অল-আউট হয়ে যায় সফরকারীরা। ১৩৪ রান করে আউট হন রিশাভ পান্ত। তারপরই ধস নামে ভারতের ব্যাটিং লাইনআপে। পান্তের আউট হওয়া ও ভারতের ব্যাটিং ধসের জন্য কোচ গৌতম গম্ভীরকে দায়ী করেছেন দীনেশ কার্তিক।
সাবেক ক্রিকেটার কার্তিক চলতি ভারত-ইংল্যান্ড সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় আছেন। ১৩৪ রান করে জশ টংয়ের বলে এলবিডব্লিউ হন পান্ত। তার পা লক্ষ্য করে বল করছিলেন টং। যে বলে আউট হয়েছেন, সেই বলে ব্যাট চালাননি পান্ত। বল গিয়ে তার প্যাডে লাগে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ভারতীয় ব্যাটার। অথচ এর আগেই তিনি নিজের স্বাভাবিক ছন্দে খেলছিলেন। বড় শট দেখা যাচ্ছিল। হঠাৎ কী হলো?
করুণ নায়ার আউট হওয়ার পর ভারতের কোচ গৌতম গম্ভীর সাবধানে ব্যাটিং করার জন্য মাঠে বার্তা পাঠান। সেটা মানতে গিয়ে নিজের সহজাত আগ্রাসী ব্যাটিং থেকে সরে আসেন পান্ত। ধারাভাষ্য দিতে গিয়ে কার্তিক বলেন, ‘পান্তকে বার্তা পাঠানোর পর সে খেলার ধরন বদলে ফেলে। তার আগে সে ভয়ডরহীন ক্রিকেট খেলছিল। কিন্তু আমার মনে হয়, তাকে সাবধানে খেলার নির্দেশ দেওয়া ঠিক হয়নি। এতে সে চাপে পড়ে আউট হয়ে যায়।’
কার্তিকের মতে, দলের প্রধান কোচের বোঝা উচিত মাঠে কখন নির্দেশনা পাঠাতে হবে। নাহলে দলেরই ক্ষতি হবে। সাবেক এই কিপার-ব্যাটসম্যানের ভাষায়, ‘কোচকে বুঝতে হবে, মাঠে কখন নির্দেশনা পাঠানো উচিত। সব ব্যাটারকে নির্দেশ দেওয়া উচিত নয়। স্বাভাবিক খেলতে দেওয়া উচিত। নির্দেশ দিলে তাদের উপর চাপ পড়ে। পান্তও সেই ব্যাটারদের দলেই পড়ে। তাই পান্ত আউট হওয়ার পর পুরো দল অল-আউট হয়ে গেছে। এর দায় কে নেবে?’
চার ম্যাচে দুইবার লাল কার্ড দেখে ক্ষমা চাইলেন জ্যাকসন
পন্টিং-ফিঞ্চের চোখে আলাদা যে কারণে রিশাদ
তবুও বিজয়কে আরেকটু সময় দেওয়ার পক্ষে শান্ত