সাভারে পোশাক কারখানায় ডাকাতি, ‘কোটি টাকার’ মালামাল লুট

আপডেট : ২২ জুন ২০২৫, ০৫:২৬ পিএম

সাভারে একটি তৈরি পোশাক কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রধারী ডাকাত দলের সদস্যরা কারখানার শ্রমিক ও নিরাপত্তা কর্মীদের বেঁধে রেখে সুতাসহ ওই কারখানার প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

এঘটনায় আশুলিয়ার থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের ২৪ ঘন্টা পার হলেও এখন পর্যন্ত ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার কিংবা ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।

এর আগে শনিবার ভোররাতে রাতে উপজেলার বাড়ইপাড়া এলাকার হক অ্যাপারেলস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামক কারখানার নিটিং সেকশন এবং গুদামে এ ডাকাতির ঘটনা ঘটেছে।

কারখানার কর্মকর্তারা জানান, শনিবার ভোররাত ৪ টার দিকে ১৫-১৬ সদস্যের একদ অস্ত্রধারী ডাকাত হক অ্যাপারেলস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানার মূল ভবনের পেছনের দিকের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। এসময় সেখানে নিটিং সেকশনে কর্মরত দুজন অপারেটরকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে তারা।

পরে কারখানাটি দায়িত্বপালনকারী দুইজন নিরাপত্তারক্ষীকে একইভাবে বেঁধে রেখে নিটিং শাখার দুটি কম্পিউটার এবং গুদাম থেকে ১০ টন ফেব্রিক, ৫ টন সুতাসহ আনুমানিক এক কোটি টাকার মালামাল লুট করে দুটি ট্রাকে তুলে নিয়ে যায় ডাকাতেরা।

কারখানাটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (প্রশাসন) নজরুল ইসলাম বলেন, অস্ত্রধারী ডাকাত দলের কাছে দুটি পিস্তল ও রামদা ছিল। মুখে মাস্ক থাকলেও তারা গুদামের কাপড় দিয়ে পুরো মুখমণ্ডল ঢেকে নিয়েছিল।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনও ডাকাতরা ধরা পড়েনি এবং কোন মালামালও উদ্ধার হয়নি।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, ডাকাতির খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত