ইরানে অ্যাম্বুলেন্সে ড্রোন হামলা চালালো ইসরায়েল, নিহত ৩

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৮:৫৭ এএম

ইরানের কেন্দ্রীয় অঞ্চলে একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল, এতে প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ইসনা গতকাল রবিবার এ তথ্য জানিয়েছে।

নাজাফাবাদ কাউন্টির গভর্নর হামিদরেজা মোহাম্মদি ফেসহারাকি ইসনাকে জানান, একটি হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল। পথে ইসরায়েলি ড্রোনের হামলায় অ্যাম্বুলেন্সটি প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।

তিনি বলেন, ‘হামলার সময় অ্যাম্বুলেন্সে থাকা চালক, রোগী ও রোগীর এক স্বজন ঘটনাস্থলেই নিহত হন।’ ড্রোন হামলার ধাক্কায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি আরেকটি যানবাহনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় বলেও জানান তিনি।

গত শুক্রবার, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালায়। এর পাল্টা জবাবে তেহরানও আঘাত হানে তেলআবিবে। সেই থেকে ইরান-ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এ সংঘাতে উভয় পক্ষেই ব্যাপক হতাহতের ঘটনা ঘটছে।

এদিকে শনিবার যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে। ওয়াশিংটন একযোগে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ইরানের এসব স্থাপনায় যুক্তরাষ্ট্র সফল হামলা পরিচালনা করেছে।

খবর: টাইমস অব ইসরাইল

×
সর্বশেষ সর্বাধিক পঠিত