ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলাকে সুস্পষ্ট আগ্রাসন এবং অপরাধ হিসেবে নিন্দা জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মজিদ তাখত রাভানচি। তিনি বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি কখনোই থামানো যাবে না।
রবিবার জার্মানির সম্প্রচারমাধ্যম এআরডির ‘বেরিশট আউস বার্লিন’ প্রোগ্রামে দেওয়া এক সাক্ষাৎকারে রাভানচি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ পারমাণবিক কার্যক্রম বন্ধ করার কোনো সম্ভাবনা নেই।
ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করার আহ্বান প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘আমরা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি)-এর নির্ভরযোগ্য সদস্য।’
তিনি জানান, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে তেহরান। এই মূলনীতির ভিত্তিতেই পরমাণু কার্যক্রম পরিচালিত হচ্ছে।
রাভানচি জোর দিয়ে বলেন, ‘যতক্ষণ আমরা এনপিটির বলয়ের মধ্যে আছি ততক্ষণ কেউ আমাদের বাড়তি জ্ঞান দেওয়ার অধিকার রাখে না যে আমাদের কোনটি করা উচিত আর কোনটি উচিত নয়।
তবে যুক্তরাষ্ট্রের হামলায় পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষতির বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
১৩ জুন ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধ শুরু করে ইসরায়েল। এরপর ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায় তারা। এর ধারাবাহিকতায়, রবিবার ভোরে যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহান—তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।
ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলার জবাবে তেহরান নিজস্ব প্রতিক্রিয়ার বিকল্পগুলো সংরক্ষণ করে রেখেছে।
