আম্পায়ারের ওপর রাগ দেখিয়ে নিষেধাজ্ঞার শঙ্কায় রিশাভ পান্ত

আপডেট : ২৩ জুন ২০২৫, ০১:৫০ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে ভারতের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন রিশাভ পান্ত। চারদিক থেকে ভেসে আসছে তার দারুণ ইনিংসের প্রশংসা। সেই পান্তই আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করে শাস্তির শঙ্কায় আছেন। টেস্টের তৃতীয় দিন আম্পায়ারকে বল পরিবর্তনের অনুরোধ করেছিলেন পান্ত। আম্পায়ার না শোনায় রাগে বল ছুড়ে মারেন। এই ঘটনায় তার শাস্তি হতে পারে।

গতকাল রবিবার তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার ঘণ্টাখানেক পর বল পরিবর্তনের অনুরোধ করেন ভারতের পেসার জসপ্রীত বুমরা। আম্পায়ার ক্রিস গ্যাফিনি সেই অনুরোধে কর্ণপাত করেননি। এরপর আরেক ফিল্ড আম্পায়ার পল রেইফেলের কাছে গিয়ে বল পরিবর্তনের অনুরোধ করেন পান্ত। বলের আকার নষ্ট হয়েছে কিনা, সেটা একটি বিশেষ যন্ত্রের দ্বারা পরীক্ষা করে রেইফেল জানান, বল পরিবর্তনের সময় হয়নি।

আম্পায়ারের এই সিদ্ধান্ত পান্ত মানতে পারেননি। রাগে বল ছুড়ে মেরে তিনি উইকেটের পেছনে ফিরে যান। আম্পায়ার রেইফেলের মুখ দেখে বোঝা যাচ্ছিল, তিনি পান্তের এই কান্ড দেখে খুশি হননি। ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। সেই সিদ্ধান্ত একমত না হলে রিভিউ নেওয়ার সুযোগ থাকে। কিন্তু সেটা আউট হওয়ার ক্ষেত্রে। বল পরিবর্তনের ক্ষেত্রে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত। তার বিপক্ষে বিরক্তি প্রকাশ অপরাধের সমান।

রেইফেল যদি ম্যাচ রিপোর্টে পান্তের এই বিরক্তি প্রকাশের বিষয়টি তুলে ধরেন, তাহলে এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যান।  আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৮ ধারা অনুযায়ী, আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা লেভেল ১ কিংবা লেভেল ২ অপরাধ হিসাবে বিবেচনা করা হয়। লেবেল ১ অপরাধের ক্ষেত্রে ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত কর্তন করা হয়। পাশাপাশি জোটে একটি ডিমেরিট পয়েন্ট।

কোনো ক্রিকেটার যদি লেবেল ২ অপরাধে দোষী প্রমাণিত হন, তাহলে তার ম্যাচ ফির ৫০ থেকে ১০০ শতাংশ কেটে নেওয়া হয়। পাশাপাশি তাকে একটা টেস্ট অথবা দুটো ওয়ানডে ম্যাচের জন্য নিষিদ্ধ করা হতে পারে। পান্তের বিপক্ষে যদি লেবেল ২ অপরাধ প্রমাণিত হয় তাহলে পরের টেস্টে তাকে নিষিদ্ধ হতে হবে। বিষয়টি নির্ভর করছে আম্পায়ারদের রিপোর্টের ওপর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত