সিরিয়ায় চার্চে আত্মঘাতী বোমা হামলা, নিহত ২২

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৩:১১ পিএম

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি চার্চের ভেতরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২২ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

রবিবার মার এলিয়াস চার্চে প্রার্থনার সময় শহরের উপকণ্ঠ দুয়েইলা এলাকায় এই বিস্ফোরণ ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইএসআইএল (আইএসআইএস) গোষ্ঠীর এক যোদ্ধা গির্জায় প্রবেশ করে প্রথমে উপস্থিত লোকজনের দিকে গুলি ছোড়ে এবং পরে নিজের শরীরে বাঁধা বিস্ফোরক থেকে বিস্ফোরণ ঘটায়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনাও এই বিবৃতির সঙ্গে মিল রয়েছে।

এই হামলায় নিহতের যে সংখ্যা জানানো হয়েছে তা প্রাথমিক হিসাব।

রবিবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “সিরিয়া সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে এখনও মরদেহ উদ্ধার করছে।”

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৬৩ জন আহত হয়েছেন। স্থানীয় কিছু গণমাধ্যমে বলা হয়েছে, হতাহতদের মধ্যে শিশুদেরও দেখা গেছে।

সিরিয়ায় এ ধরনের হামলা বহু বছর পর প্রথম ঘটল। হামলাটি এমন এক সময়ে হয়েছে যখন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে নব গঠিত অন্তর্বর্তী সরকার খ্যালঘুদের সমর্থন পাওয়ার চেষ্টা করছে।

আহমেদ আল-শারা পুরো দেশে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হিমশিম খাওয়ার মধ্যে সিরিয়ায় আইএসআইএলসহ অন্যান্য স্লিপার সেলের উপস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। দেশটি প্রায় ১৪ বছরের বিধ্বংসী গৃহযুদ্ধ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এই যুদ্ধে কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সরিয়ে দেওয়ার পর আহমেদ আল-শারা নেতৃত্ব গ্রহণ করেন। তারপর থেকে সিরিয়া আন্তর্জাতিক পরিমণ্ডলে ফেরার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত