কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। এ হামলাকে দেশটির পরমাণু স্থাপনায় হামলার ‘সফল ও শক্তিশালী’ প্রতিক্রিয়া বলে দাবি করেছে তেহরান।
সোমবার (২৩ জুন) রাতে কাতারের আল উদেইদ ও ইরাকের একটি মার্কিন বিমান ঘাঁটিতে এ হামলা চালানো হয়।
অ্যাক্সিওসের একজন প্রতিবেদক জানিয়েছেন, কাতারে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে ইরান ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এদিকে নিরাপত্তা কর্মকর্তার বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ইরাকে একটি মার্কিন ঘাঁটির সেনাদের আবাসস্থলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইরাক ও কাতারের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। বিপ্লবী গার্ড কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর হামলা চালিয়েছে।
এটিকে পরমাণু স্থাপনার ওপর মার্কিনি হামলার ‘সফল ও শক্তিশালী’ প্রতিক্রিয়া বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড।
রাষ্ট্রীয় টেলিভিশনে সামরিক সংগীত বাজানোর সময় এই ঘোষণা দেওয়া হয়। এসময় টেলিভিশনের পর্দায় শিরোনামে লিখা ছিল, ‘আমেরিকার আগ্রাসনের প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর ‘শক্তিশালী ও সফল প্রতিক্রিয়া’ শুরু হয়েছে।’
এদিকে হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে জানিয়েছেন, হোয়াইট হাউস ও প্রতিরক্ষা বিভাগ কাতারের আল উদেইদ বিমান ঘাঁটির উপর সম্ভাব্য হুমকির নিবিড় নজর রাখছে।
কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিটি মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটি, যেখানে প্রায় ১০ হাজার সেনা রয়েছে। এর আগে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছিল, পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা প্রতিশোধ নিতে পারে।
