গাইবান্ধার গোবিন্দগঞ্জে নগদ ১১ লাখ চার হাজার ৪৯২ টাকা ও বিপুল পরিমাণ সীম কার্ড, মাদক ও হ্যাকিং এর বিভিন্ন ডিভাইসসহ দুই চিহ্নিত হ্যাকারকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম। এর আগে গত সোমবার মাঝ রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বিশ্বনাথপুর গ্রামের আজিজার রহমানের ছেলে হ্যাকার মাসুম বিল্লাহ (২৫) ও একই গ্রামের নেছাম উদ্দিনের ছেলে বুলু মিয়া (৫০)।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গেল মাঝ রাতে সেনাবাহিনীর একটি টিম ও থানা পুলিশের একটি টিম যৌথ অভিযান শুরু হয়, আজ সকাল পর্যন্ত চলে অভিযান। এ অভিযানে হ্যাকার মাসুম বিল্লাহ ও বুলু মিয়ার কাছ থেকে নগদ ১১ লাখ, ৪ হাজার, ৪৯২ টাকা ২২৫৪টি সীম কার্ড, সিসি ক্যামেরা, ২টি হার্ড ডিস্ক, ৭টি মোবাইল ফোন, টাকা গণনার মেশিন, ১৯ পিস ইয়াবা, বিভিন্ন হ্যাকিং ডিভাইসসহ তাদেরকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।
ওসি আরও বলেন, তারা দীর্ঘদীন থেকে হ্যাকিং এর মাধ্যমে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে, অসহায় দরিদ্র পরিবারের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সামাজিক নিরাপত্তার ভাতাভোগীদের অ্যাকাউন্ট হ্যাক করে লাখ-লাখ টাকা অর্থ আত্মসাৎ করে আসছিল। গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
