হেডিংলি টেস্টে ভারতকে কাঁদাচ্ছেন দুই ইংলিশ ওপেনার

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৭:৫৮ পিএম

হেডিংলি টেস্টের পঞ্চম দিনের পুরো গল্পের প্রতীকি ছবি এটিই। চতুর্থ ইনিংসে ৩৭১ রান তাড়া করতে নেমে দুই ইংলিশ ওপেনারের কাউকেই এখনো সাজঘরে ফেরাতে পারেননি ভারতীয় বোলাররা। অবস্থা এমন যে মাটিতে লুটিয়ে পড়তে হয়েছে সিরাজদের। শেষ দিনে ৩৫ ওভার বল করেও উইকেটশূন্য ভারতীয় বোলাররা। উল্টো প্রায় দুশো রানের জুটি গড়ার পথে দুই ইংলিশ ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি। 

গতকালই ১ রানে থাকাবস্থায় বেন ডাকেটের ক্যাচ ফেলেছিলেন যশস্বী জয়সওয়াল। আজ ডাকেট ৯৭ রানে থাকার সময় মোহাম্মদ সিরাজের বলে পুল করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন। সীমানায় থাকা যশস্বী দৌড়ে বলের কাছে এসেও তালুতে পুড়তে পারেননি বলটি। পরের ওভারেই রিভার্স সুইপে চার মেরে তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন ডাকেট। বেরসিক বৃষ্টি আসার আগে ১২৬ বলে ১৪ চারে তার ব্যাট থেকে আসে ১০৫ রান।

ডাকেটের সঙ্গী জ্যাক ক্রলি অবশ্য খেলছেন টেস্ট মেজাজেই। ১২১ বল খেলে ৬ চার মারা ক্রলির রান ৫৯। আর দুই ওপেনার মিলে জুটি গড়ে ফেলেছেন ১৮১ রানের। তাতে জেতার জন্য ১০ উইকেট হাতে থাকা ইংল্যান্ডের প্রয়োজন আর মাত্র ১৯০ রান।

লিডসে এই যখন অবস্থা অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম টেস্টের, তখন চতুর্থ দিন পর্যন্ত চালকের আসনে থাকা ভারতের ভরসা এই বৃষ্টিই। দেখার বিষয় হেডিংলির এই বৃষ্টি ভারতের মান বাঁচাতে পারে কি না।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত