ঐক্যমত কমিশনের বৈঠক, অংশ নিয়েছে বিএনপি, জামায়াতসহ ৩০ দল

আপডেট : ২৫ জুন ২০২৫, ১২:৪২ পিএম

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠকে ষষ্ঠ দিনের মত শুরু হয়েছে আলোচনা। বিএনপি, এনসিপি, জামায়াত, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে বৈঠকে। বুধবার (২৫ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় এই বৈঠক।

বৈঠক শুরুতেই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছানো সম্ভব হবে। তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, আপনাদের সাথে আলোচনা করছি যে কোন কোন জায়গায় পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন-সংযোজনের মধ্য দিয়ে আমরা অভীষ্ট লক্ষ্যে, অর্থাৎ একটি জাতীয় সনদের জায়গায় পৌঁছাতে পারব। আমার আস্থা ও বিশ্বাস আছে যে আমরা পারব।’

এসময় অধ্যাপক আলী রীয়াজ বলেন, আলোচনায় ক্ষেত্রবিশেষে অগ্রগতি এবং কিছু কিছু ক্ষেত্রে মতপার্থক্য থাকলেও তারা আলোচনা অব্যাহত রেখেছেন। এই কমিশনের বৈঠক ছাড়াও রাজনৈতিক দলের নেতারা আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে একে অন্যের সাথে কথা বলার প্রবণতা তৈরি হয়েছে যা বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক দিক বলেই মনে করেন আলী রীয়াজ। আলোচনার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বানও জানান তিনি।

আজকের বৈঠকে সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, এনসিসি এবং নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আজকের আলোচনায় আরও উপস্থিত আছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান ও মো. আইয়ুব মিয়া।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত