ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান বলেছেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকার রাষ্ট্র পরিচালনা করেছে। এ সময় আমি ও আমার দলের প্রতিটি নেতাকর্মী কঠিন দুঃসময় পার করেছি। কেউ কারাগারে কেউ রাজপথে। দিনের পর দিন পরিবারের সাথে যোগাযোগ রাখতে পারিনি। পরিবারের সবাই ভয়ে আতঙ্কে কাটানো দিনগুলো এখনো চোখের সামনে ভেসে ওঠে। এখন দলের সুসময়। আর এই সুসময়ে অনেকেই আপনাদের কাছে আসতে চাইবে। কিন্তু আপনারা সাবধান হয়ে যান। সুসময়ের পাখি বেশিদিন থাকে না।
বুধবার সকাল ১১ টায় আদাবর ১২ নম্বর রোড শেখেরটেক বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
তিনি বলেন, দুঃসময়ের যারা মাঠে-ঘাটে কাজ করেছেন আমরা তাদের চিনি। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, তাদের আমরা পুরস্কৃত করব। কিন্তু যারা সুসময়ের পাখি আমন্ত্রণ জানাচ্ছেন তাদের মনে করিয়ে দিয়ে বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। দুঃসময় কাটিয়ে সুসময়ের পাখিদের সুযোগ করে দিলে আপনারাই পিছিয়ে পড়বেন। ক্ষতিগ্রস্ত হবে দল।
তিনি আরো বলেন, ভেদাভেদ করে দলকে বিভক্ত করার চেষ্টা করবেন না। এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা এই নবায়ন ফরম যার তার হাতে তুলে দেব না। দলের ভেতরের অনেকের নামে অভিযোগ পাওয়া যাচ্ছে। আশা করি আপনারা সেখান থেকে বের হয়ে আসবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে চলুন। দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার কাজ করুন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর উত্তর-এর যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিন প্রমুখ।
