নারায়ণগঞ্জে জোড়া খুনের ঘটনায় সাবেক কাউন্সিলরসহ গ্রেপ্তার ৪

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৪:৪৯ পিএম

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিএনপির দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে ঘিরে জোড়া খুনের ঘটনায় নাসিকের সাবেক কাউন্সিলর ও বহিষ্কৃত বিএনপি নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) ভোরে গাজীপুর সদরের গাজীপুরা ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন, বহিষ্কৃত বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মো. হান্নান সরকার, তার দুই ছেলে জুনায়েদ ও ফারদিন, বাবু শিকদার।  
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, বন্দরে ডাবল মার্ডারের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছেন। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

এর আগে গত ২১ জুন রাতে বন্দর উপজেলায় আধিপত্য বিস্তার ও ইজিবাইক স্ট্যান্ডে চাঁদাবাজি কেন্দ্র করে সৃষ্ট বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে জোড়া খুনের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একসময় বিএনপির এই দুই গ্রুপের মধ্যে সখ্যতা থাকলেও গত কয়েক মাসে বন্দরে আধিপত্য বিস্তার, মাদক বিক্রির নিয়ন্ত্রণ ও ইজিবাইক স্ট্যান্ডে চাঁদাবাজি কেন্দ্র করে মেহেদী, বাবু সিকদার ও শ্যামল গ্রুপের সঙ্গে রনি ও জাফর গ্রুপের দ্বন্দ্ব চলছিল। উভয় গ্রুপের সঙ্গে সাবেক দুই কাউন্সিলর আবুল কাউসার আশা ও হান্নান সরকারের সখ্যতা রয়েছে। গত শুক্রবারও উভয়পক্ষের মারামারিতে ৮ জন আহত হয়।

এরই জেরে শনিবার দফায় দফায় উভয়পক্ষ দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র হাতে এলাকায় মহড়া দেয়। সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজনের ছুরিকাঘাতে খুন হন হাফেজীবাগ এলাকার প্রয়াত সাদেক আলীর ছেলে আব্দুল কুদ্দুস।

পেশায় দিনমজুর বৃদ্ধ কুদ্দুসের সঙ্গে সরাসরি দ্বন্দ্ব না থাকলেও তার ছেলে পারভেজ রনি-জাফর গ্রুপের ঘনিষ্ট বলে পরিচিত। পারভেজের সঙ্গে শত্রুতার জের ধরে বাবা খুন হয়েছেন বলে দাবি কুদ্দুসের পরিবারের লোকজনের। অন্যদিকে কুদ্দুস মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শাহী মসজিদ এলাকার প্রয়াত আব্দুল জলিল মুন্সির ছেলে মেহেদী হাসানকে সড়কে পেয়ে প্রতিপক্ষের লোকজন স্থানীয় সিরাজউদ্দোল্লা ক্লাবে নিয়ে মারধর করে হত্যা করে বলে জানান স্থানীয় লোকজন ও পুলিশ।

রোববার দিনগত রাতে বন্দর থানায় নিহতদের পরিবারের সদস্যরা মামলা দুটি দায়ের করেন। দিনমজুর আব্দুল কুদ্দুস (৬০) হত্যাকাণ্ডে তার কন্যা রোকসানা বেগম বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় নারায়ণগঞ্জ সিটির ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বহিষ্কৃত বিএনপি নেতা হান্নান সরকারসহ ১৩ জনকে এজাহারনামীয় এবং আরও ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

অপর মামলাটি করেছেন খালেদ সাইফুল্লাহ। তার ভাই বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান (৪২) হত্যার অভিযোগে মামলায় ২৯ জনের নাম উল্লেখ করার পাশাপাশি ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ মামলায় ৪ নম্বর আসামি নারায়ণগঞ্জ সিটির ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহীন মিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত