পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে কেক কাটার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
জানা গেছে, গত সোমবার (২৩ জুন) গভীর রাতে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে দলীয়ভাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন স্থানীয় নেতাকর্মীরা। ওই ভিডিও ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
পরে মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে বাউফল থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান সরকারের নেতৃত্বে একাধিক স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বগা ইউনিয়ন ছাত্রলীগ(নিষিদ্ধ ঘোষিত) সভাপতি রায়হান হাওলাদার, যুবলীগ দপ্তর সম্পাদক জাহিদ খান এবং ডা. ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাসনিম আহমেদকে।
এছাড়া, পৃথক এক অভিযানে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাউফল থানার ওসি আখতারুজ্জামান সরকার জানান, গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত সলকেই আদালতে প্রেরণ করা হয়েছে।
