মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে কুপিয়ে জখম, এনসিপির কমিটি স্থগিত

আপডেট : ২৬ জুন ২০২৫, ১২:২৫ পিএম

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে জখমের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও সদর উপজেলায় গঠিত সমন্বয় কমিটি স্থগিত করা হয়েছে। বুধবার রাত ২টার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।

মাদারীপুর জেলা ও সদর উপজেলা এনসিপির সমন্বয় কমিটি স্থগিতের ঠিক আধা ঘণ্টা আগে জেলা এনসিপির ৫ নম্বর সদস্য মো. আব্দুল্লাহ আদিল ওরফে টুটুল ও ৬ নম্বর সদস্য রাতুল হাওলাদারকে গুরুতর শৃঙ্খলাভঙ্গের দায়ে সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করার ঘোষণা দেয় কেন্দ্রীয় কমিটি।

সদ্য স্থগিত হওয়া জেলা এনসিপির সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ হাসিবুল্লাহ বলেন, অপরাধী যেই হোক তার শাস্তি হতে হবে। যারা ইচ্ছা প্রণোদিত এই ঝামেলা করেছে তাদেরও সকলের সামনে আনতে হবে। কিন্তু খারাপ লাগে যখন দেখি একজন আন্দোলনকারীকে আওয়ামী ট্যাগ দেওয়া হয়। আমরা আশা করবো, সুষ্ঠু তদন্ত করে ন্যায় প্রতিষ্ঠা হবে।

এদিকে মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে জখমের ঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের অভিযোগ, এনসিপির কমিটি গঠন কেন্দ্র করে মোহাম্মদ হাসিবুল্লাহর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মাসুম বিল্লাহসহ অনেকেই। এ কারণে মাসুম বিল্লাহকে এনসিপির জেলা ও উপজেলার কমিটিতে না রাখায় পরিস্থিতি বিরোধপূর্ণ হয়ে ওঠে। এসব নিয়ে বেশ কয়েকদিন ধরেই একে অন্যকে দায়ী করে হুমকি দেওয়া হচ্ছিল বলে জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি এনসিপির ৩১ সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়। এই কমিটি গঠন নিয়ে ক্ষোভ প্রকাশ করে তা প্রত্যাখান করেন জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাসুম বিল্লাহ, আহ্বায়ক নেয়ামত উল্লাহসহ অনেকেই। জেলা কমিটি হওয়ার তিন দিন পরই জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সমন্বয়ে সদর উপজেলায় ২৬ সদস্যের এনসিপি আরও একটি কমিটি গঠন করে।

পুলিশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এনসিপির সদর উপজেলা সমন্বয় কমিটির আয়োজনে বুধবার বিকেলে শহরের ভুঁইয়া কমিউনিটি সেন্টারে এক কর্মিসভার আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাসুম বিল্লাহ। কর্মিসভায় মাসুম বিল্লাহ যোগ দেওয়ার পরই জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী হাসিবুল্লাহর অনুসারী এনসিপির সদস্য রাতুল হাওলাদার, আদিল মাহামুদসহ বেশ কয়েকজন অর্তকিত তার ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে মাসুম বিল্লাহকে কুপিয়ে জখম করা হয়।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মাসুম বিল্লাহকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠান। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত