আম্পায়ার নো বল কল করা হলে এতদিন ক্যাচ যাচাই করার প্রয়োজন পড়ত না। কারণ, নো বলে ক্যাচ আউট নেই। কিন্তু আইসিসির নতুন নিয়মে এখন থেকে আম্পায়ার নো বল কল করলেও ক্যাচ যাচাই করা হবে। সেই ক্যাচ বৈধ প্রমাণিত হলে ব্যাটিং দল কেবল নো বলের জন্য ১ রান পাবে। আর যদি ফেয়ার ক্যাচ না হয়, তাহলে ব্যাটসম্যানরা যত রান নেবেন, সেগুলোও যুক্ত হবে।
এমনই কিছু নিয়মে সম্প্রতি পরিবর্তন এনেছে আইসিসি। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটের প্লেয়িং কন্ডিশনের এই পরিবর্তনগুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের শুরু থেকেই যা কার্যকর করা হয়েছে। তবে সাদা বলের ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত নিয়মগুলো আগামী ২ জুলাই থেকে কার্যকর হবে। এমনই আরও কিছু নিয়ম তুলে ধরা হলো পাঠকদের জন্য।
টেস্ট ফরম্যাটে ‘স্টপ ক্লক’ আইন: স্লো ওভার রেট সমস্যা কমিয়ে খেলার গতি ঠিক রাখতে সাদা বলের ক্রিকেটে গত এক বছর ধরেই স্টপ ক্লক পদ্ধতি ব্যবহার হচ্ছে। এবার টেস্ট ফরম্যাটেও এই আইনের প্রয়োগ হবে। নিয়ম অনুযায়ী, ফিল্ডিং দলকে ওভার শেষের এক মিনিটের মধ্যে নতুন ওভার শুরু করার জন্য প্রস্তুত থাকতে হবে। সেটা করতে ব্যর্থ হলে আম্পায়ার তাদের দুইবার সতর্ক করবেন। ওই দুই সতর্কবার্তার পর দেরি করলে বোলিং দলকে পাঁচ রান পেনাল্টি দেওয়া হবে। প্রতি ৮০ ওভার পর নতুন করে আবার দুইবার ফিল্ডিং দলকে সতর্ক করবেন আম্পায়ার। জায়ান্ট স্ক্রিনে ৬০ সেকেন্ডের টাইমার দেখানো হবে।
রিভিউয়ের নিয়মে পরিবর্তন: ধরা যাক, আম্পায়ার কোনো ব্যাটারকে ক্যাচ আউট দেওয়ায় তিনি রিভিউ নিলেন। টিভি রিপ্লেতে দেখা গেল, বল তার প্যাডে লেগেছে। এতদিন এমন ক্ষেত্রে ব্যাটসম্যান ক্যাচের ক্ষেত্রে নট আউট হলে তাকে এলবিডাব্লিউয়ের ক্ষেত্রেও নট আউট দেওয়া হতো। বল ট্র্যাকিং আম্পায়ার্স কল হলে ব্যাটসম্যান নট-আউট থাকতেন। তবে নতুন নিয়মে যদি রিভিউয়ের ফলাফল আম্পায়ার্স কল হয়, তাহলে ব্যাটসম্যানকে আউট দেওয়া হবে।
বলে ইচ্ছাকৃত লালা ব্যবহারে বল পরিবর্তন বাধ্যতামূলক থাকছে না: করোনাভাইরাসের কারণে বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছিল আইসিসি। এখনো সেই নিষেধাজ্ঞা বহাল আছে। তবে নতুন নিয়মে আইসিসি বলছে, লালা পাওয়া গেলে আম্পায়ারদের বল পরিবর্তন করা বাধ্যতামূলক নয়। কেউ যাতে ইচ্ছাকৃতভাবে লালা দিয়ে বল পরিবর্তন করাতে না পারে, সেজন্যই এই আইন।
শর্ট রান নিতে গেলে ব্যাটিং দলের নতুন সাজা: প্রথম রান সম্পন্ন না করেই বা ক্রিজে ব্যাট না ঠেকিয়েই আরেক রান নেওয়ার চেষ্টাকেই বলে ‘শর্ট রান’। এতদিন কোনো ব্যাটার এমন চেষ্টা করলে তার দলকে ৫ রান পেনাল্টি দেওয়া হতো। এখন থেকে নতুন শাস্তি যুক্ত হবে। কোনো দল শর্ট রান নিলে আম্পায়ার প্রতিপক্ষকে জিজ্ঞেস করবেন- তারা কোনো ব্যাটারকে স্ট্রাইকে চান। তখন প্রতিপক্ষের ইচ্ছা অনুযায়ীই ব্যাটার স্ট্রাইক নেবেন। সেইসঙ্গে ৫ রানের পেনাল্টি তো থাকছেই।
হাঁটুর অস্ত্রোপচারের সময় আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু
মেসিকে বিয়ের প্রস্তাব ৯৮ বছর বয়সী টিকটকারের