রকিব-হুদা-আউয়াল দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে: রিজভী

আপডেট : ২৬ জুন ২০২৫, ১০:৪৭ পিএম

সাবেক প্রধান তিন নির্বাচন কমিশনার (সিইসি) রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, রকিবউদ্দীন, কে এম হুদা, হাবিবুল আউয়াল গণতন্ত্রকে ধ্বংস করেছে। তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ভেঙেচুরে তার ওপর শেখ হাসিনার ক্ষমতাকে চিরন্তন করার চেষ্টা করেছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলের কর্মসূচি ঘোষণাকালে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, মানুষ অপদস্থ হোক সেটি আমরা করব না। কেউ অপরাধ করলে তার যেন উপযুক্ত বিচার হয়। সাবেক সিইসি নুরুল হুদা, রকিব এবং হাবিবুল আউয়াল তারা দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে শেখ হাসিনার ক্ষমতাকে চিরস্থায়ী করার অপচেষ্টা চালিয়েছিলেন তারা। এজন্য তাদের বিচার হতে হবে। অবশ্যই সেটা আইনসঙ্গতভাবে।

তিনি বলেন, শেখ হাসিনা যে পথ দেখিয়েছিলেন আমরা সে পথে যাব না। আমরা যাব আইনি পথ, গণতন্ত্রের পথ, আইনের শাসনের পথে। এজন্যই তো আমাদের ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম। আইন হাতে তুলে নেব না। কেন আমরা একজনকে ঢিল বা ডিম ছুড়ে মারব, গলায় জুতার মালা পরাব? সে অপরাধ করেছে, তার অপরাধের ন্যায্য বিচার হতে হবে। কিন্তু এর জন্য আমরা বেআইনিভাবে কাউকে আঘাত করতে বলব না।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমরা কখনও অত্যাচারের বিরুদ্ধে কণ্ঠ নিস্তব্ধ রাখিনি। এটা করতে গিয়ে আমাদেরকে বারবার জেলে যেতে হয়েছে। এমনকি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, দিনের পর দিন রিমান্ডে ছিলাম। কিন্তু তারপরও আমরা বলি শেখ হাসিনা যে কাজ করেছেন, তার আইনশৃঙ্খলা বাহিনী যে কাজ করেছে, তার যুবলীগ-ছাত্রলীগ যে কাজ করেছে, আমরা সে কাজ করব না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত