মেহেরপুরের গাংনীতে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ককটেলসহ জাফর আলী (৫০) নামে এক বিএনপি নেতাকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (২৭ জুন) ভোরে তার নিজ বাড়ি গাংনীর এলাঙ্গি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক জাফর উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
গাংনী সেনাবাহিনী ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এলাঙ্গি গ্রামের জাফর আলীর বাড়িতে অভিযানকালে একটি বিদেশি পিস্তল ও ৩টি ককটেল উদ্ধার করা হয়। পরে বিএনপি নেতা জাফর আলীকে আটক করে গাংনী সেনাক্যাম্পে নেওয়া হয় এবং পিস্তলের প্রকৃত মালিকানা যাচাইয়ের জন্য জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও তিনটি ককটেলসহ গাংনী থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক জাফর বিএনপির মিল্টন গ্রুপের। ৫ আগস্ট পরবর্তী সময়ে তিনি বেশ কিছু সংঘর্ষে নেতৃত্ব দেন। তার ভাগ্নে সাগর স্থানীয় ছাত্রলীগের নেতা এবং একজন সন্ত্রাসী ছিল। জাফরকে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় বিএনপির একাংশ খুশি হলেও অপর অংশ বলছে সাজানো ঘটনা।
গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, জাফর আলীকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে দুইটি মামলা করা হবে।
