ঢামেকে চিকিৎসককে চড় মারার অভিযোগ রোগীর বিরুদ্ধে, অতঃপর ...

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৭:৩৮ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক চিকিৎসককে চড় মারার অভিযোগ উঠেছে মানসিক সমস্যার এক রোগীর বিরুদ্ধে। আরিফ হোসেন (১৮) নামে ওই যুবককে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেছেন চিকিৎসকরা। এ ঘটনার পর প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকে জরুরি বিভাগের নিউরোসার্জারি চিকিৎসা সেবা। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে হাসপাতালটির জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, জরুরি বিভাগের ইমার্জেন্সি অপারেশন থিয়েটারের (রুম-৪) নিউরোসার্জারি বিভাগের ডা. মনিমুল আহমেদের গালে চড় মারেন ওই যুবক। এরপর আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসে। পরবর্তীতে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযুক্ত আরিফের বাবা মো. তাজউদ্দিন জানান, তারা থাকেন নারায়ণগঞ্জ ফতুল্লার কাশিমপুর খিলমার্কেট এলাকায়। এলাকায় একটি ছাপাখানায় কাজ করতেন আরিফ। কিন্তু কয়েকমাস আগে তার মানসিক সমস্যা দেখা দেয়। স্থানীয় হাসপাতালে চিকিৎসাসহ নিচ্ছিল ফকিরের ঝাড়ফুঁক। এরমধ্যে সপ্তাহখানেক আগে, ফতুল্লা শান্তিনগর এলাকায় সোহেল নেতা নামে এক লোক রাস্তায় দেখা হলে আরিফকে তার কাছে ডাকে। তখন আরিফের অস্বাভাবিক আচরণে ক্ষিপ্ত হয়ে তাকে কয়েকজন মিলে ব্যাপক মারধর করে। এরপর ঠিকমত হাঁটতেও পারছিলেন না আরিফ। এজন্য চিকিৎসা নিচ্ছিল নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে।

তিনি জানান, ওই হাসপাতালের চিকিৎসকরা তার মাথার একটি সিটি-স্ক্যান করাতে এবং ভালো হাসপাতালে চিকিৎসকের কাছে নিয়ে যেতে বলেন। এজন্য শুক্রবার আরিফকে নিয়ে তারা ঢাকা মেডিকেলে আসেন। তবে জরুরি বিভাগে টিকিট কেটে ৪ নম্বর রুমে ঢোকার পর চিকিৎসক যখন জানতে চান, তারা কোথা থেকে এসেছেন; ঠিক তখনই আরিফ হুট করেই ওই চিকিৎসকের গালে চড় মেরে বসেন।

অভিযুক্ত আরিফের বাবা মো. তাজউদ্দিন ও মা শিল্পী বেগম বলেন, আমার ছেলের মাথায় সমস্যা। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। সে অন্যায়ভাবে ডাক্তারের গায়ে তুলেছে। কিন্তু ডাক্তাররা এরপর আমার ছেলেকে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভিতর অনেক মারধর করেছে। মাটিতে ফেলে লাথি দিয়েছে। আমরা ডাক্তারদের পা ধরে মাফ চেয়েছি। তারপরও মেরেছে।

এ ঘটনার পর জরুরি বিভাগে নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকদের চিকিৎসা সেবা দিতে দেখা যায়নি। অন্যান্য বিভাগের সেবা চললেও প্রায় ঘণ্টাখানেক বন্ধ থাকে নিউরোসার্জারির চিকিৎসা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত